ওমরার নামে মানব পাচারকারীদের ছাড় নেই: ধর্মমন্ত্রী
মানব পাচারে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “হজ এজেন্সিগুলোর মানব পাচারের জন্য আমরা (মন্ত্রণালয়) দায়ী নই। তবে তাদের জন্য দেশের মান-ইজ্জত নষ্ট হয়েছে।
“আমি কথা দিচ্ছি ১০০ ভাগ গ্যারান্টিসহ- তাদের (হজ এজেন্সি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের মাধ্যমে জেল-জরিমানা যা যা করার করা হবে।”
৫৬টি হজ এজেন্সির মাধ্যমে ওমরা করতে সৌদি আরব গিয়ে ছয় থেকে সাত হাজার বাংলাদেশি দেশে ফেরননি বলে জানান ধর্মমন্ত্রী।
এজন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দেয় জেদ্দায় বাংলাদেশ হজ অফিস।
এসব হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশিদের ওমরা ভিসা দেওয়া বন্ধ রাখা হবে বলেও সৌদি কর্তৃপক্ষ ধর্ম মন্ত্রণালয়কে জানিয়েছে।
ওমরার নামে মানব পাচারের অভিযোগে গত দেড় মাস ধরে বাংলাদেশিদের ওমরা ভিসা দিচ্ছে না সৌদি আরব।
ওমরা করতে গিয়ে দেশে না ফেরার ঘটনায় ধর্মমন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিব্রত ও ক্ষুব্ধ। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।”
“আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যাদের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে দায়ী এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করব।”
শিগগির ওমরা ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে জানিয়ে মতিউর রহমান বলেন, “আশা করছি সৌদি কর্তৃপক্ষ পুনরায় ওমরা ভিসা চালু করবে।”
“ওমরা ব্যবস্থাপনাকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য যা যা করণীয় আমরা সব কিছুই করব। প্রয়োজনে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওমরা কার্যক্রম পরিচালিত হবে।”
ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান ছাড়াও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
