মোদীর ‘ফলপ্রসূ’ সফরের জন্য হাসিনাকে মন্ত্রিসভার ধন্যবাদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ‘ফলপ্রসূ’ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
ভারতের প্রধানমন্ত্রী মোদী ৬ ও ৭ জুন বাংলাদেশ সফর করেন। তার সফরে বাণিজ্য ও যোগাযোগ প্রসারে ১৯টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বিনিময় হয় স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নরেন্দ্র মোদীর সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও প্রটোকল স্বাক্ষর হয়েছে, যা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রীর সফরকে খুবই ‘ঘটনাবহুল ও কর্মবহুল’ উল্লেখ করে মোশাররাফ বলেন, “এর পেছনে আমাদের প্রধানমন্ত্রীর বিশাল অবদান রয়েছে।
“তার দূরদর্শিতা, প্রজ্ঞা, আগ্রহ, নেতৃত্ব, ইতিবাচক মনোভাব, দ্বি-পক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতার প্রতি তার যে দৃঢ় অঙ্গীকার- এর ফলেই ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে একটি সফল সফর সম্পন্ন করা সম্ভব হয়েছে।”
সফরে শেষে ফিরে যাওয়ার আগে নরেন্দ্র মোদী আঞ্চলিক উন্নয়নের উপর জোর দিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়েই চলার অঙ্গীকার করে গেছেন।
