বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলব: মোদী
আমার বাংলা কেমন?- দর্শক-শ্রোতাদের কাছে নরেন্দ্র মোদীর এই প্রশ্ন যখন এল, তার আগেই অনেকের মুখের রা কেড়ে নিয়েছিল বাংলায় তার বক্তৃতার সূচনা।
বাংলাদেশিদের অনেক প্রত্যাশা বাংলায় ছোট্ট দুটি বাক্যেই মেটানোর চেষ্টা করলেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতকে আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে বিশ্বশক্তির আসনে নেওয়ার স্বপ্নচারী যিনি।
“আমরা তোমার সাথে আছি। আমরা তোমাকে সাথে নিয়ে চলব,” এর মধ্য দিয়ে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে পাশে রাখার অঙ্গীকার যেমন রয়েছে, তেমনি বিশ্বশক্তি হিসেবে ভারতকে তুলতে সমর্থনের প্রত্যাশাও ফুটে উঠেছে।
নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত এই সফরের শেষ অনুষ্ঠান ছিল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের বক্তৃতা। আগের দিন শীর্ষ বৈঠকের পাশাপাশি নানা কর্মসূচির পর বিমানে সওয়ার হওয়ার আগে বক্তৃতা মঞ্চে আসেন তিনি।
যে দেশে ব্রাত্য হয়ে ছিলেন দীর্ঘদিন, প্রধানমন্ত্রী হয়ে নয় মাস আগে সেই যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাডিসন স্কোয়ারে ভাষণে সবাইকে মোহাবিষ্ট করে আসার পর ঢাকায় মোদীর বক্তৃতা নিয়েও ছিল অনেক আগ্রহ।
গুজরাট দাঙ্গার জন্য দাগি হিসেবে বাংলাদেশিদের কাছেও চিহ্নিত ছিলেন মোদী। কিন্তু ‘আপ কা বার, মোদী সরকার’র এর সাফল্যে তা এখন অনেকটাই আড়ালে।
আগ্রহ নিয়েই বিকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বসেছিলেন আমন্ত্রিতরা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর হাই কমিশন হয়ে বঙ্গভবনের অনুষ্ঠানের পর হোটেলে কয়েকটি সাক্ষাৎ দিয়ে বক্তৃতা দিতে আসেন মোদী।
দিনভর ব্যস্ততার পর সকালের পোশাক পাল্টে ঘিয়ে রঙের পাঞ্জাবি ও নীল রঙের নেহেরু কোট পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে এলেও ৬৫ বছর বয়সী নিরামিষভোজী মোদীর কথায় কিংবা চলায় অবসাদের কোনো ছাপ ছিল না।
আগের দিন সকালে ঢাকায় নামার পর বিমান বন্দর থেকে সড়ক পথে সরাসরি জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে প্রায় চার ঘণ্টা পর হোটেলে ফিরেছিলেন মোদী।
এর আড়াই ঘণ্টার মধ্যে তিনি ফের বেরিয়ে যান শীর্ষ সম্মেলনে যোগ দিতে, তারপর রাতে হোটেলে ফেরা। সকালে বেরিয়ে পড়ার পর দুপুরে কয়েক ঘণ্টার জন্যই হোটেলে ছিলেন তিনি, এর মধ্যেই সাক্ষাৎ দেন কয়েকজনকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মোদী ঢাকা সফরের আগে বাংলায় টুইট করেছিলেন কয়েকটি, তবে ভারতের অন্যতম এই ভাষায় তিনি যে কথাও বলতে পারেন, তা দেখিয়ে দেন এই অনুষ্ঠানে; আর করতালিতে পান অভিনন্দন।
বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের পাশের বাংলাভাষী রাষ্ট্র বাংলাদেশে এসে ভারতের ওই প্রান্তের রাজ্য গুজরাটের মোদী দুই দেশের সম্পর্কের গভীরতা বোঝাতে দুই দেশের অভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি, ভাষার সঙ্গে ক্রিকেটপ্রীতির কথাও বলেন।
“একটি বাক্যে যদি আমাকে বলতে হয়, তাহলে বলব, লোকেরা মনে করত আমরা খুব আশপাশে রয়েছি, এখন বিশ্ববাসীকে বিশ্বাস করতে হবে আমরা আশপাশে রয়েছি, একসাথেও রয়েছি।”
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের উন্নতির প্রশংসা করতে গিয়ে এভারেস্টজয়ী নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীনের কথা বলেন মোদী। ক্রিকেটের কথা বলতে গিয়ে তার বক্তৃতায় আসে সাকিব আল হাসানের কথা।
সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিকে সাধুবাদ জানান মোদী। বলেন, “তাদের (সন্ত্রাসী) কোনো দেশ নেই, আদর্শ নেই, সংস্কৃতিও নেই। তাদের পরিচয় একটাই, তারা মানবতার শত্রু।”
দশকের পর দশক ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি কার্যকরের পথ খোলার পরই এই সফরে আসেন মোদী। বলা হয়, এক বছর আগে দায়িত্ব নিলেও ওই সমস্যার জট খুলতে সময় নেওয়ায় মোদী বাংলাদেশে এসেছেন পরে।
এই সমস্যার অবসানের গুরুত্ব মোদী তুলে ধরেছেন এভাবে- “খুব কম মানুষই এটাকে মূল্যায়ন করতে পেরেছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি, এটি কি শুধু জমি সংক্রান্ত বিবাদের সমাধান,
“যদি কেউ মনে করে দু-চার কিলোমিটার জমি এদিক ওদিক গিয়েছে, এটা কিন্তু সেই চুক্তি নয়। এটা সেই চুক্তি, যা মনকে যুক্ত করেছে।”
ভূমি নিয়ে বিভিন্ন দেশের যুদ্ধের ইতিহাস তুলে ধরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আমরা বুদ্ধতাকে নিয়ে সামনে এগোতে চাই। বুদ্ধ ছাড়া ভারত তো অসম্পূর্ণ। আর যেখানে বুদ্ধ রয়েছে, সেখানে যুদ্ধ থাকতে পারে না।
“সারা বিশ্ব হয়ত জমির জন্য যুদ্ধ করতে পারে, কিন্তু আমরা দুটি দেশ জমিকে সম্পর্কের সেতু হিসেবে ব্যবহার করেছি।”
আবার বাংলাদেশিদের কাছে বহুল প্রত্যাশিত তিস্তার পানি বণ্টনের জট এখনও না খোলার ক্ষেত্রে আবার ‘গণতন্ত্রের’ যুক্তি দেখিয়ে অপেক্ষায় রেখেছেন তিনি।
“ভারত অনেক বড় দেশ, অনেক রাজ্য এখানে, আমাদের ওখানে গণতন্ত্র রয়েছে, তাই সবার মতৈক্য নিয়ে তা করতে সময় লাগবে। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি, পানি সমস্যার সমাধানও আমরা করব।”
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান আন্তঃযোগাযোগ বাড়াতে যেসব উদ্যোগ নিয়েছে, তা আঞ্চলিক উন্নয়নের গতি বদলে দেবে বলে আশাবাদী মোদী।
বাণিজ্য ও যোগাযোগের পাশাপাশি বাংলাদেশের মহাকাশযাত্রার অংশীদারও হতে চেয়েছেন নরেন্দ্র মোদী।
“গতকাল প্রধানমন্ত্রী বলছিলেন, আমরা মহাকাশে যেতে চাই। আমরা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের দিকে এগিয়ে চলেছি। আমি ঠাট্টা করে বলছিলাম, আমাদের ছাড়া কিভাবে হতে পারে? বঙ্গবন্ধুর সাথে ভারতবন্ধুও তো বন্ধুই থাকবে।”
“আমি তাকে বল্লাম যে আমরা আপনাদের মহাকাশ গবেষণায় যুক্ত হতে চাই। ভারত ইতোমধ্যে মহাকাশে নিজেদের পরিচিতি তুলে ধরেছে, আমাদের সে শক্তি আছে, যা বাংলাদেশের কাজে আসা উচিত।”
এভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রায় দেড়শ কোটি মানুষের দেশ ভারতকে আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্র থেকে পরাশক্তি হিসেবে উন্নীত করার ক্ষেত্রে সমর্থনও চেয়েছেন মোদী।
প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে আলাদা চোখে দেখার কথা জানিয়ে পাকিস্তানের সঙ্গে বৈরিতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের সব প্রতিবেশী তো বাংলাদেশ নয়।”
বাংলায় বক্তৃতা শুরুর পর শেষটাও জীবনানন্দ দাশের কবিতার চরণ থেকে নেন মোদী। ‘আবার আসিব ফিরে’ জানানোর পাশাপাশি তিনি বলেন, “বাংলাদেশে দুই দিনের সফর শেষে আমার মনে হচ্ছে, নতুন সফর শুরু হল।”
