২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদী ‘সম্মোহিত’ রামকৃষ্ণ মিশনের সাধু-ভক্তরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছ থেকে দেখা ও একসঙ্গে ছবি তোলার উচ্ছ্বাসে ভাসছেন ঢাকার রামকৃষ্ণ মিশনের সাধু ও ভক্তরা।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 06:29 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রোববার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সকাল ৯টার পর পর রামকৃষ্ণ মিশনে যান হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা মোদী।

মিশনের ভক্ত ও সাধুরা বরণ করে নেওয়ার পর মূল মন্দিরে ঢুকে সংক্ষিপ্ত পূজো সারেন মোদী।

প্রায় ২২ মিনিটের এ পরিদর্শন শেষে সাড়ে ৯টার খানিক আগে মিশন এলাকা ছাড়েন তিনি।

বের হয়ে যাওয়ার আগে মিশনের নারী ভক্তদের সংগঠন সারদা সংঘের সদস্যদের মোদী নিজ থেকে ডেকে ছবি তোলেন বলে জানান সংঘের সদস্য স্বপ্ন সরকার।

ভারতের প্রধানমন্ত্রীর মিশন ছাড়ার পর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় ভিকারুননিসা নূন স্কুলের এই শিক্ষকের।

মোদীকে ‘বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি’ অভিহিত করে স্বপ্ন বলেন, “তাকে এতটা কাছে থেকে দেখব, সেটাই কখনও ভাবিনি।

“বের হওয়ার সময় তিনি আমাদের ডেকে তার সঙ্গে ছবি তুললেন। তার হাসি পদক্ষেপ, প্রতিটাই সম্মোহন করার মতো। এটাই তাকে ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে।”

মোদীকে অভ্যর্থনার জন্য মিশনের ফটকে থাকা সংঘের আরেক সদস্য সুমনা মিত্রের বিশ্বাসই হচ্ছে না, মোদী তাদের ডেকে নিয়ে ছবি তুলেছেন।

উচ্ছ্বসিত সুমনা বিষয়টি নিশ্চিত হতে মিশনের মন্দির ও মঠের সেক্রেটারি স্বামী ধ্রুভেশানন্দের কাছে যান; জিজ্ঞেস করেন, “সত্যিই কি মোদীজী আমাদেরকে ডাকার জন্যই হাত তুলেছেন? ছবি তোলার জন্যই ডেকেছেন?”

স্বামী ধ্রুভেশানন্দ ‘হ্যাঁ’ সূচক জবাব দেওয়ার পর সুমনার চেহারায় যেন আনন্দ ও বিস্ময় ফুটে ওঠে। কিছুক্ষণ পর সারদা সংঘের অন্য এক সদস্যকে জড়িয়ে ধরে তাকে চিৎকার দিয়ে ওঠতেও দেখা যায়।

পরে সুমনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটা এখনও বাস্তব মনে হচ্ছে না। স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে।”

মোদীর ফেইসবুক পেইজে লাইক দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “এত কিছু যেহেতু হল, আমার মনে হয়, উনি ছবিটাও ফেইসবুকে দিবেন। অপেক্ষায় থাকলাম।”

ভারতের প্রধানমন্ত্রী মিশনের ফটক পার হয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই জয়িতা দাশ, শ্রীজিতা মিত্র ও দেবলীনা রিয়া নামে তিন শিশু তাকে তিলক ও সিঁদুর দিয়ে আরতি করে বরণ করে নেয়।

পরে ওয়াইডাব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী জয়িতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী যে ভালো লাগছে, সেটা বলে বোঝাতে পারব না।”

জয়িতার সহপাঠী শ্রীজিতা মিত্র আর ম্যাপল লিফ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী দেবলীনা রিয়ার কণ্ঠেও উচ্ছ্বাসের সুর।

পরে মোদী মিশনের মূল মন্দিরে প্রবেশ করলে সাধুরা বৈদিক মন্ত্র পাঠ ও ফুল দিয়ে তাকে পুনরায় বরণ করেন। এ সময় সেখানে ‘ঠাকুরমার পূজো’ হয়, যাতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী।

“পূজোর সময় মোদী নিজে মন্ত্র পাঠের পাশাপাশি আশপাশের অন্যদেরও মন্ত্র পাঠের আহ্বান জানান,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন স্বামী ধ্রুভেশানন্দ।

তিনি আরও বলেন, “আমরা তাকে আমাদের সঙ্গে খাওয়ার জন্য বলি। কিন্তু তিনি খেলেন না। বললেন, সময় কম; এখন খাওয়া যাবে না।”

পূজোর পর মিশনের পক্ষ থেকে মোদীকে গুজরাটি ভাষায় লিখিত রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবনচরিতের ওপর দুটি বই, প্রসাদী সিল্কের ধুতি ও চাদর, ঢাকাই মসলিন সিল্কের একখণ্ড কাপড় এবং দুটি ক্রেস্টও উপহার দেওয়া হয়।

মোদী চলে যাওয়ার পর স্বামী ধ্রুভেশানন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “মোদীজীর সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক বহু ‍পুরনো, জীবনের সব কিছু ছেড়ে শৈশবে তিনি সাধু হতে চেয়েছিলেন।”

১৯৬১ সালে হাওড়ার বেলুর মঠে স্বামী মাধবানন্দের কাছে গিয়ে সাধু হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মোদী। স্বামীজী তাকে মনোযোগ দিয়ে লেখা পড়া করতে বলেন।

পরে তিনি রাজকূটে রামকৃষ্ণ আশ্রমে গিয়ে স্বামী আতমস্থানন্দের কাছে আবার একই আগ্রহ প্রকাশ করেন বলে জানান ধ্রুভেশানন্দ।

“স্বামীজী তাকে বলেন, তোমার পথ ভিন্ন। তুমি দেশের জন্য কাজ করো। এরপর থেকেই দেশের কাজে নেমে পড়েন মোদীজী।”

রাজকূটের সেই আশ্রমের ‘স্বামীজী’ এখন সারাবিশ্বের রামকৃষ্ণ মিশন ও মঠের প্রেসিডেন্ট উল্লেখ করে স্বামী ধ্রুভেশানন্দ বলেন, “পরে মুখ্যমন্ত্রী এমনকি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরও তার সঙ্গে মোদীজী যোগাযোগ রাখেন।”