রাজধানীতে সন্দেহভাজন আইএস সদস্য আটক
রাজধানীতে মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে বনানী ডিওএইচএস থেকে আটক ফিদা মুনতাসির সাকেরকে (২৫) আটক করা হয়।
সোমবার ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার কৃষ্ণপদ এ তথ্য জানান।
এসময় সাকেরের কাছ থেকে একটি কম্পিউটার সিপিইউ, ৩টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, তার ফেসবুকের বন্ধুতালিকা ও আইএস সম্পর্কিত বিভিন্ন বইয়ের প্রথম পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।
কৃষ্ণপদ রায় বলেন, সাকের বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য ‘জুনুদ আত তাওহীদ ওআল খিলাফা’ এবং সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
“সে ইন্টারনেটের মাধ্যমে কর্মী সংগ্রহ করে সংগঠনের সদস্য বাড়ানোর কাজ করে।”
তদন্তের স্বার্থে সাকেরের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এর আগে একই রাতে বনশ্রী ও সূত্রাপুর থেকে হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) এবং আনসারুল্লাহ বাংলা টিমের নয় সদস্যকে আটকের কথা জানায় গোয়েন্দা পুলিশ।
গত মাসের শেষ দিকে বারিধারা ডিওএইচএস থেকে আবদুল্লাহ আল গালিব (২৫) নামে সাবেক এক সেনা কর্মকর্তার ছেলেকে আটকের পর ‘জুনুদ আত তাওহীদ ওআল খিলাফা’র নাম প্রথম গণমাধ্যমে আসে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম তখন জানান, গালিব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সহ-সমন্বয়ক। আগে তিনি হিজবুত তাহরীর ও জেএমবির সঙ্গেও ছিলেন।
সম্প্রতি আইএসের আদলে বাংলাদেশের খিলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে গালিব ‘জুনুদ আত তাওহিদ ওআল খিলাফা’ গঠন করে বাংলাদেশে কার্যক্রম শুরু করে গালিব।
১০-১৫ জন সদস্য সংগ্রহ করে তিনি প্রশিক্ষণ দেওয়াও শুরু করেছিলেন বলে জানান নাজমুল।
হুজি, জেএমবি ও আনসারুল্লাহসহ মোট ছয়টি সংগঠন জঙ্গি তৎপরতা ও উগ্রপন্থি কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে নিষিদ্ধ।
অন্য চারটি সংগঠন হল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদাৎ-ই আল-হিকমা ও হিযবুত তাহরীর।
২০০৫ সালে জেএমবিসহ চারটি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। ২০০৯ সালে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়।
সবশেষ গত ২৫ মে নিষিদ্ধ করা হয় আনসারুল্লাহ বাংলা টিমকে, যাদের সঙ্গে আল কায়েদার যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দাদের ধারণা।
