মোদীর আরতি
ঢাকায় দুই দিনের সফরে অনেক ব্যস্ততার মধ্যেই ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে প্রায় চল্লিশ মিনিট সময় কাটালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রোববার সকালে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার মধ্যে দিয়ে মোদীর সফরের দ্বিতীয় দিনের সূচনা হয়। পরে তিনি যান রামকৃষ্ণ মিশনে।
অল্প সময়ের মধ্যেই ঢাকেশ্বরী মন্দিরে আরতি দেওয়ার ভিডিও এবং রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তির সামনে ভক্ত মোদীর ছবি চলে আসে ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার পোস্টে।
ভিডিওতে দেখা যায়, ঢাকের বাদ্যের মধ্যে ধূপধুনো আর ফুল দিয়ে আরতি দিচ্ছেন মোদী। পরে মণ্ডপের বেদীতে তিনি প্রণামও করেন।
ঢকেশ্বরী মন্দির থেকে মোদী যান রামকৃষ্ণ মিশনে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী মঠের ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার সঙ্গে মিলে ধর্মীয় সংগীতে অংশ নেন।
মিশনের পক্ষ থেকে দুটি স্মারকের পাশাপাশি স্বামী বিবেকানন্দের একটি জীবনী উপহার দেওয়া হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে।
সফরের প্রথম দিন শনিবারও প্রতিটি আনুষ্ঠানিকতা শেষে টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বলা হয়, বর্তমান বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে মোদীই সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে সক্রিয়।
