২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চাচার হাতে ভাতিজা খুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। আহত হয়েছে তার স্ত্রী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান (৩২) ওই এলাকার বকুল মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী।

এ ঘটনায় পুলিশ নিহতের চাচি সবিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে। 

ঘটনার পর থেকে চাচা আনিসুর রহমান নাজুক (৫২) ও তার ছেলে উজ্জ্বল (২৮) পলাতক রয়েছেন।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ মোড়ল বলেন, জিল্লুর দাদার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বাবা বকুল মিয়া ও চাচা নাজুকের বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তাদের জমি ভাগ-বাটোয়ারা করে দেওয়া হয়েছিল।

তাদের অংশের জমি থেকে শনিবার সকালে বাঁশ কাটতে গেলে চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় নিহত হন জিল্লুর।

কালীগঞ্জ থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর নাজুক ও তার ছেলে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি দুবাই থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন জিল্লুর। শনিবার বাড়ির পাশে বাগানে বাঁশ কাটতে যান। এ সময় চাচা নাজুক ও তার ছেলে উজ্জ্বল (২৮) লোহার রড দিয়ে জিল্লুরকে এলোপাতাড়ি মারতে থাকে।

এ সময় জিল্লুরের ডাকচিৎকারে তার স্ত্রী মোর্শেদা (২৮) এলে তাকেও লোহার রড দিয়ে পেটায় তারা।

আহত মোর্শেদাকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।