২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন

গাজীপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 05:47 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই গৃহবধূর স্বামী ময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুর এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. নজরুল ইসলাম ও তার সহযোগী গাজীপুরের কাপাসিয়া উপজেলার পূর্ব লোহাদী এলাকার মৃত আছর আলীর ছেলে শহীদুল্লাহ ওরফে শহীদ।

একইসঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. শাহজাহান জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চেংনা এলাকার আব্দুস সাত্তারের মেয়ে হামিদা আক্তার স্বামী মোস্তফাকে তালাক দিয়ে চাচাত ভগ্নিপতি নজরুল ইসলামকে পালিয়ে বিয়ে করেন।

২০০০ সালের ২০ অগাস্ট হামিদাকে নিয়ে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ডাওরা এলাকায় নজরুলের এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায় স্বামী নজরুল ও তার সহযোগী শহীদ।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজরুল ও শহীদ বাড়ির পাশে আখক্ষেতে নিয়ে হামিদার মুখ ও হাত বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ওই সময় হামিদার শরীরে আগুন দেখে এলাকার লোকজন তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরদিন সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই বছরের ২২ অগাস্ট হামিদার চাচা আব্দুর রহিম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) তপন চন্দ্র সাহা অভিযোগপত্র দেন।