গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার দুপুরে লালমনিরহাট-শান্তাহার রেলরুটের পাঁচজুম্মা রেল গেট এরাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফণিশ চন্দ্র ওরফে ধলু (৭০) সদর উপজেলার কূপতালা ইউনিয়নের বেড়াডাংগা গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা রেল স্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, দিনাজপুর ছেড়ে আসা শান্তাহারগামী ৭৬৮ নম্বর দোলনচাপা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি কূপতালা রেল স্টেশনের দক্ষিণে পাঁচজুম্মা রেল গেটের ৭৫ নম্বর নির্দেশকের কাছে এলে ওই বৃদ্ধ কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আনোয়ার বলেন, বৃদ্ধ ধলু কানে কম শুনতেন। রেললাইন ধরে হাঁটার সময় পিছন থেকে ট্রেনের শব্দ তিনি হয়ত শুনতে পাননি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আনোয়ার।
