২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুই যুবকের বস্তাবন্দি লাশ, আটক ৪

সাভারের আশুলিয়ায় দুই যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 03:21 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

বুধবার কুড়গাঁও এলাকায় স্বপন ও রাসেলের লাশ পাওয়া যায়। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

লাশগুলো কয়েকদিন আগের হওয়ায় বিকৃত হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়গাঁও এলাকার রহম আলীর টিনশেড বাড়ির ভিতর একটি বস্তায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এরপর ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী সেফটিক ট্যাংকের ভিতর থেকে আরও এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার এস আই রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতরা ওই বাড়ির ভাড়াটিয়া।

"বাড়ির মালিক রহম আলীর ঘর তল্লাশি করে রক্তমাখা প্যান্ট, শার্ট, গেঞ্জিসহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।"

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির মালিক রহমত আলী, ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক, সবুজ ও বিথীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।