উপজেলায় ২৮৬৬ নারী প্রতিদ্বন্দ্বিতায়
উপজেলা পরিষদ চালুর পর প্রথমবারের মতো আয়োজিত পৌনে পাঁচশ উপজেলায় নারী সদস্য পদে ২ হাজার ৮৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ ভোটাররা নয়, বরং ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত নারী জনপ্রতিনিধিরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন।
বর্তমানে উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। এই নারী প্রতিনিধি পাওয়ার পর পূর্ণাঙ্গ রূপ পাবে পরিষদ।
নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, সারাদেশে ১ হাজার ৫৬১টি নারী সদস্য পদে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে শনিবার। রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ১৫ জুন অনুষ্ঠেয় এই ভোটে মনোনয়ন প্রত্যাহার শেষে দুই হাজার ৮৬৬ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন।
গত ১৩ মে ঘোষিত তফসিল অনুযায়ী, উপজেলায় সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২১ মে, বাছাই ২৩ মে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৩০ মে।
ইসি কর্মকর্তারা জানান, নারী সদস্য পদে মনোনয়নপত্র নেন ৩ হাজার ১১৫ জন প্রার্থী। এর মধ্যে ২৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কারণে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ২ হাজার ৮৬৬ জন।
এর মধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অন্তত ডজনখানেক প্রার্থী।
গত ১৩ মে ৪৭৮ উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা ক্রটির কারণে সাত উপজেলাতে নির্বাচন স্থগিত হয়। অবশিষ্ট ৪৭১ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
