চবি উপাচার্যের বিরুদ্ধে এবার ঢাকায় সংবাদ সম্মেলন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে অপসারণের দাবিতে এবার ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন।
চট্টগ্রামে সংবাদ সম্মেলনের পর উপাচার্যবিরোধী কর্মসূচিতে হামলার পর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ।
এই সংগঠনটি অধ্যাপক আনোয়ারুল আজিমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেওয়ার অভিযোগ তুললে তার পাল্টায় উপাচার্যের এলাকা সাতকানিয়ার একদল মুক্তিযোদ্ধা পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামে।
মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদের কর্মসূচিতে যোগ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক অধ্যাপক গাজী সালেহ উদ্দিনও উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জামায়াত তোষণের অভিযোগ করেছিলেন।
তবে অধ্যাপক আনোয়ারুল আজিম সব অভিযোগ নাকচ করে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের তৎপরতা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
রোববারের সংবাদ সম্মেলনে অধ্যাপক আনোয়ারুল আজিমকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যায়িত করে তাকে অপসারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা করেন মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নেতা মোহাম্মদ ইদ্রিস।
‘ভুয়া মুক্তিযোদ্ধা আরিফ নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কৌশলে ভিসি হয়েছেন। এমন কি কৌশলে নিজের অযোগ্য পুত্রকে বানিয়েছেন বিশ্ববিদ্যালযের শিক্ষক। দুই পুত্রবধূ, দুই শ্যালিকাসহ অনেক আত্মীয়-স্বজনকে চাকরি দিয়েছেন।”
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ
বিশ্ববিদ্যালযে মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষকরা বিভিন্ন সময় আপত্তি তুললেও তা গুরুত্ব না দিয়ে জামায়াত-শিবিরের নেতা কর্মীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী হিসাবে নিয়োগ দিচ্ছেন বলেও অভিযোগ করেন ইদ্রিস।
সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, আহমেদুর রহমানও উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা শুরু থেকেই তার নিয়োগের প্রতিবাদ জানিয়ে আসছিল।
অধ্যাপক আনোয়ারুল আজিমের অপসারণ চেয়ে গত ২৩ মে চট্রগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অনশন কর্মসূচিতে হামলার ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
ইদ্রিস বলেন, “ভিসি আরিফের প্রত্যক্ষ মদদে তার ভ্রাতুষ্পুত্র রফিউল হায়দার রাফি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবু মুসা বকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালায়।”
ওই হামলায় ইদ্রিস, সুভাষ চৌধুরী, আহমেদুর রহমান, শশাঙ্ক বিমল চৌধুরী ও নুরুল আলম আহত হন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
