সমুদ্র সৈকত থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার, আটক ৪
সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে অপহৃত এক কলেজছাত্রকে কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজলোর খুটাখালীর পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
আটককৃতরা হলেন, কক্সবাজার সদরের দক্ষিণ পাড়া এলাকার মৃত ফজল করিমের ছেলে মোহাম্মদ পিয়ারু (২৬), একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), চকরিয়া উপজেলার খুটাখালীর মৃত মোজাহের আহমদের ছেলে লুৎফুর রহমান (৩২), খুটাখালীর মাইজ পাড়া এলাকার এনামুল হকের ছেলে ইমরান হোসেন (২৩)।
উদ্ধার নূর মোহাম্মদ চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজের ছাত্র। তাকে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অপহরণ করা হয় বলে জানান ওসি প্রভাষ।
তিনি বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ থেকে নূর মোহাম্মদসহ ৯০ জনের একটি পিকনিক দল শুক্রবার কক্সবাজারে আসে। তারা কলতলীর একটি হোটেলে অবস্থান নেয়। শুক্রবার সন্ধ্যায় সমুদ্র সৈকতে গেলে সেখান থেকে অপহৃত হন নূর মোহাম্মদ। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ চায়।
ওসি আরো বলেন, বিষয়টি নূর মোহাম্মদের পরিবার পুলিশকে জানালে প্রথমে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে পুলিশকে জানাতে বলা হয়। পরে অপহরণকারীরা বিকাশ করা টাকা নিতে আসলে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুসারে খুটাখালী পাহাড়ের ভেতর থেকে নূরকে উদ্ধার ও আরো দুজনকে আটক করা হয়।
