ব্রাহ্মণবাড়িয়ায় এবার নারী ইউপি সদস্য খুন
দুই সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি ইউনিয়ন পরিষদের আরেক সদস্যকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ইয়াছমিন বেগম (৩৫) বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন।
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, শনিবার রাতে বিটঘরে নিজের বাড়ি থেকে ইয়াছমিনের লাশ উদ্ধার করা হয়।
১৫ দিন আগে একই ইউনিয়ন পরিষদের সদস্য আল মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। দুটি হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
ওসি রূপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে কোনো এক সময় দুর্বৃত্তরা গোপনে ইয়াছমিনের ঘরে ঢুকে তাকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে তার পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে লাশ দেখে পুলিশে খবর দেয়।
রোববার দুপুরে জেলা সদর হাসপাতালে ইয়াছমিনের লাশের ময়নাতদন্ত করা হয় বলেও ওসি জানান।
গত ১৬ মে বিটঘর গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির ছাইয়ের স্তুপের মধ্যে ইউপি সদস্য মামুনের লাশ পাওয়া যায়। তার শরীরেও একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
মামুন হত্যায় জড়িত সন্দেহে তার খালা মর্জিনা বেগমসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
নিহত মামুনের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
