বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিদেশে বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের প্রতি এই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সব সরঞ্জামসহ বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারে, সে জন্য সরকারের প্রয়াস অব্যাহত থাকবে।
শেখ হাসিনা বলেন, “আমরা নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো দেশে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত।”
স্বাধীনতার প্রায় সাড়ে তিন বছর পর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য হয় বাংলাদেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কার্যক্রম শুরু হয় ১৯৮৮ সালে।
বর্তমানে ১২২টি দেশের এক লাখ সাত হাজার ৮০৫ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এর মধ্যে ২০৫ জন নারীসহ বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা ৯ হাজার ৫৯২ জন।
“আমাদের শান্তিরক্ষীদের সংখ্যা বর্তমানে বিশ্বে নিয়োজিত সর্বমোট সংখ্যার নয় শতাংশ, যা সত্যিই গর্ব করার মতো”, বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের শান্তিরক্ষীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই ভূমিকা চিরকাল স্মরণ রাখবে।
“বাংলাদেশ আজ সারা বিশ্বে প্রথম সারির শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে যে গৌরব ও মর্যাদা লাভ করেছে, তা আপনাদের সাহস, বীরত্ব, অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতারই অর্জিত ফসল”
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ বিশ্বের শান্তিপ্রিয় ও বন্ধুপ্রতীম সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে পরিচালিত সব শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে।”
সশস্ত্রবাহিনী এবং পুলিশবাহিনীর সদস্যদের ‘সফল অনবদ্য’ অবদানের জন্যই বিশ্বে শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে বাংলাদেশের অবস্থান সর্বজনবিদিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তর এবং শান্তিরক্ষা মিশনগুলোতে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বাংলাদেশের সেনা অফিসারদেরকে নিযুক্তির প্রস্তাব পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এগুলো আমাদের সফল এবং বলিষ্ঠ কুটনীতিরই ফসল। এসমস্ত পদ আরো অধিক মাত্রায় প্রাপ্তির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে অন্যতম। এই পর্যন্ত সশস্ত্র বাহিনী এবং পুলিশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এক লাখ ৩৪ হাজার ৯৪৭ জন দায়িত্ব পালন করেছেন।
“বাংলাদেশের জন্য আনন্দের বিষয় হলো, আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনী তাদের মহিলা শান্তিরক্ষীদের অংশগ্রহণ ধীরে ধীরে বৃদ্ধি করে চলেছে”, যোগ করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের নিযুক্তিতে বাংলাদেশের মহিলা শান্তিরক্ষীদের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট পর্যায়ে ‘বলিষ্ঠ’ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন শেখ হাসিনা।
“আমাদের শান্তিরক্ষীদের কর্মস্পৃহা এবং কর্মদক্ষতা অতুলনীয়। বাংলাদেশের শান্তিরক্ষীরা ৪০টি দেশে ৫৪টি মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। এই মুহূর্তে ১০টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে।”
সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যরা দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
এ পর্যন্ত বাংলাদেশের ১২৪ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। এর মধ্যে ২০১৪ সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত সময়েই নিহত হয়েছেন ছয় জন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শান্তিরক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করেন। ছয়জন প্রয়াত শান্তিরক্ষীর পরিবার এবং ১০ জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা দেন।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসাবে সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বক্তব্য দেন।
পররাষ্ট্র সচিব, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শকসহ সশস্ত্র বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্রও এ অনুষ্ঠানে দেখানো হয়।
