যুক্তরাষ্ট্র আ. লীগের নেতা মনিরুলের মৃত্যুতে প্রবাসীদের শোক
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনিরুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন।
দীর্ঘদিন রোগে ভুগে গত ২০ মে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান ৬২ বছর বয়সী এই নেতা।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মধ্যে জনপ্রিয় এই নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, সমন্বিত পেশাজীবী পরিষদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকেও শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে।
২০০৭ সালের ১৬ জুলাই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করলে প্রতিবাদে রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরাও। মনিরুল হক ছিলেন সেই প্রতিবাদের সামনের কাতারে।
নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভে মনিরুল হকের ‘রিলিজ রিলিজ-শেখ হাসিনা’ স্লোগান সেসময় দারুণ জনপ্রিয় হয়।
শেখ হাসিনা মুক্তি পাওয়ার পর প্রথম যখন যুক্তরাষ্ট্রে যান, বস্টন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসা আওয়ামী লীগ কর্মীদের অনুরোধে মনিরুল আবারও সেই স্লোগান ধরেন। আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয় ওই ‘স্লোগানের জনক’ হিসাবে।
ফরিদপুরে জন্মগ্রহণকারী মনিরুল হক স্থায়ী হয়েছিলেন চট্টগ্রামে। কয়েক বছর চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেন।
পরে ২০০৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মেয়ের সঙ্গে তিনি থাকতেন। বছরখানেক আগে জটিল রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নেন মনিরুল। কয়েক সপ্তাহ আগে চিকিৎসকের পরামর্শে তিনি বাংলাদেশে চলে যান স্বজনদের কাছে।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
