সোহরাওয়ার্দী উদ্যান: নিরাপত্তা-সৌন্দর্য বাড়াতে কমিটি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে ১৭ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করেছে সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আহ্বায়ক করে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি গঠনের আদেশ জারি করেছে।
এই কমিটিকে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ‘স্বাধীনতা জাদুঘর’, ‘শিখা চিরন্তন’ এবং এগুলোর পার্শ্ববর্তী এলাকার সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্য আনতে বাস্তবমুখী কর্মপরিকল্পনা করে তার বাস্তবায়ন ও সমন্বয় করতে বলা হয়েছে।
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদি করণীয় নিয়েও দিক-নির্দেশনা দিতে বলা হয়েছে এই কমিটিকে।
আন্তঃমন্ত্রণালয় কমিটিকে তিন মাস পর পর সভা করতে বলা হয়েছে। এই কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে এই কমিটির সদস্য করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, ঢাকার বিভাগীয় কমিশনার এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালকেও রাখা হয়েছে কমিটিতে।
কমিটিতে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রালয়ের একজন করে প্রতিনিধিকে এই কমিটিতে রাখা হছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
