জামিন না পেয়ে পালাতে গিয়ে আসামি আহত
জামিন বাতিল হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দোতলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন হত্যা মামলার এক আসামি।
আহত মো. নাহিদ (৩৫) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামের বাসিন্দা। তিনি লালবাগ থানার একটি হত্যা মামলার আসামি।
সোমবার এ ঘটনা ঘটে বলে কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই মোফাখখারুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার আদালত ভবনের পঞ্চম তলায় পাঁচ নম্বর বিশেষ জজ শহিদুল হক ঝিনুকের আদালতে ওই আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ছিল।
“বিচারক জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিলে নাহিদ এজলাস থেকে দৌড়ে দোতলায় নেমে সেখান থেকে লাফ দেন। তিনি এক ব্যক্তির ওপর পড়লে তিনিও আহত হন।”
পরে পুলিশ নাহিদকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে এসআই মোফাখখারুল জানান।
