২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

যৌতুকের টাকার জন্য বাগেরহাটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 02:46 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামে শ্বশুরবাড়ি থেকে সোমবার ঝুমুর রাণী মজুমদার নামের ১৯ বছর ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক জানান, নিহত ঝুমুর ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা গ্রামের নির্মল কুমার মজুমদারের মেয়ে। দুই বছর আগে একই গ্রামের সজল দত্তের ছেলে গৌতম দত্তের সঙ্গে তার বিয়ে হয়।

ঝুমুরের ভাই বাপ্পী মজুমদার অভিযোগ করেন, শুক্রবার তার বোন বাড়িতে এসে বাবার কাছে জমি কেনার জন্য দুই লাখ টাকা চায়।

“বাবা টাকা দেওয়ার আশ্বাস দিলে সে শ্বশুরবাড়ি ফিরে যায়। রোববার রাতে সেখান থেকে আমাদের ফোন করে বলে ঝুমুর অসুস্থ। আমরা রাতে সেখানে গিয়ে আমার বোনকে মৃত অবস্থায় পাই।”

জমি কেনার টাকা না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ঝুমুরকে ‘হত্যা করেছে’ বলে অভিযোগ করেন তিনি।

তবে নিহতের ভাসুর বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য উত্তম দত্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “তুচ্ছ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে ঝুমুর আত্মহত্যা করেছে।”

ওসি তোজাম্মেল জানান, আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। হত্যার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।