ড্যান্ডি ডায়িং: খালেদার জবাব দাখিল ৩০ জুন
ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জবাব দাখিলের জন্য ৩০ জুন দিন ঠিক করে দিয়েছে আদালত।
এ মামলায় বিচার্য বিষয় নির্ধারণের (ইস্যু গঠন) ওপরও সেদিন শুনানি হবে বলে আদালত জানিয়েছে।
ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস রোববার এই আদেশ দেন।
খালেদার পক্ষে তার আইনজীবীরা এদিন সময়ের আবেদন করেন।তবে খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানদের পক্ষে কোনো আবেদন এদিন করা হয়নি।
গত জানুয়ারিতে কোকোর মৃত্যুর পর দেশে এলেও দাফন শেষে মেয়েদের নিয়ে মালয়েশিয়া ফিরে যান তার স্ত্রী শার্মিলা রহমান।
মুদ্রাপাচার মামলায় সাজাপ্রাপ্ত কোকো গত ছয় বছরের বেশি সময় ধরে পরিবার নিয়ে মালয়শিয়াতেই ছিলেন।
তার মৃত্যুর পর ড্যান্ডি ডায়িং মামলার বাদী সোনালী ব্যাংক কর্তৃপক্ষের আবেদনে গত ১৬ মার্চ কোকোর জায়গায় খালেদা, শার্মিলা ও তাদের দুই মেয়ে- জাহিয়া ও জাফিয়া রহমানকে বিবাদী করে আদালত। গত ২২ মার্চ খালেদার নামে সমনও পাঠানো হয়।
মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদের মৃত্যুর পরও তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে বিবাদী করেছিল সোনালী ব্যাংক।
৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অর্থ ঋণ আদালতে এ মামলা করেন।
মামলার অন্য বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, খালেদার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহিনা বেগম ও কাজী গালিব অহমেদ।
মামলার আর্জিতে বলা হয়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডায়িং লিমিটেড।
১৯৯৩ সালের ৫ মে সোনালী ব্যাংক থেকে ১৩ কোটি ১৪ লাখ টাকা ঋণ নেন বিবাদীরা। এরপর ১৯৯৬ সালে সাঈদ এস্কান্দারের আবেদনে ব্যাংক কর্তৃপক্ষ আবার ঋণ মঞ্জুর করে।
২০১০ সালের ৪ এপ্রিল ড্যান্ডি ডায়িংকে দেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৪২ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা।
সোনালী ব্যাংক বলছে, ড্যান্ডি ডায়িং খেলাপি হয়ে পড়লে কিস্তি পরিশোধের জন্য বারবার তাগাদা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে ২০০১ সালে ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ১২ কোটি ১৬ লাখ টাকার সমপরিমাণ ঋণের সুদ মওকুফ করেছিল।
