২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নেবে: জাফর ইকবাল

তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 01:01 AM

Updated : 25 Apr 2022, 01:22 PM

শনিবার বিকালে শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আলোচনায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মানসিক হতাশাগ্রস্ত, একাকিত্ব ও আত্মহত্যা প্রবণতা কাটিয়ে উঠতে পরামর্শ দানকারী সেচ্ছাসেবী সংগঠন ‘কান পেতে রই’র দ্বি-বার্ষিকীতে এই আলোচনার আয়োজন করা হয়।

অধ্যাপক জাফর ইকবালের মেয়ে ইয়াসিক ইকবালের হাত ধরে যাত্রা শুরু এই সংগঠন। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সেবা দিচ্ছে তারা। যে কেউ সংগঠনটির হেল্প লাইনে ফোন করে সেবা নিতে পারেন।

রবি, সোম, মঙ্গল ও বুধবার দুপুর ৩টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ভোর ৩টা পর্যন্ত ০১৭৭৯৫৫৪৩৯১, ০১৬৮৮৭০৯৯৬৫, ০১৯৮৫২৭৫২৮৬ ও ০১৮৫২০৩৫৬৩৪ নম্বরে ফোন করে এবং www.faceboo.com/kaan.pete.roi  ফেইসবুক পেইজে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

জাফর ইকবাল ছাড়াও এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি ও ‘কান পেতে রই’র স্বেচ্ছাসেবক সমন্বয়ক অরুণ দাস আলোচনায় অংশ নেন।

জাফর ইকবাল বলেন, “দীর্ঘদিন থেকেই শিশুদের নিয়ে কাজ করছি। কোনো কাজে তরুণ স্বেচ্ছাসেবকরা যে পরিশ্রম দেয় তা টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। আর এই তরুণদের শক্তিই বাংলাদেশের ভিত্তি। নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি বলেন, “এই তরুণদের দেখলে আমার ঈর্ষা হয়। কিন্তু যতই দেখি মুগ্ধ হই। কারণ এ স্বেচ্ছাসেবী কর্মের মাধ্যমে মানুষের জীবন বাঁচাচ্ছে। এর আনন্দ ভাষায় বোঝানো যাবে না।”

এভারেস্টজয়ী নিশাত মজুমদার বলেন, “জীবনে ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই থাকবে। কিন্তু নেতিবাচক দিককে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা আসবে।”