তিন জেলায় বজ্রপাতে নিহত ৭
চট্টগ্রাম, মাগুরা ও রাজবাড়ীতে বজ্রপাতে দুই ভাই-বোনসহ সাত জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকায় নিহত হয় নূরুল আমিনের দুই শিশু সন্তান মোবারক হোসেন (১০) ও জান্নাতুল বাকিয়া (৮)।
ঘরের বাইরে খেলার সময় তারা বজ্রাহত হয় বলে পরিবারের বরাত দিয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হীরক পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
হাসপাতালে আনার আগেই তারা মারা যায় বলে জানান হীরক পাল।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যার পর মাগুরা সদর উপজেলার তিন গ্রামে বজ্রপাতে তিনজন নিহত হন।
তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসিমুল হাসান।
এরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মোজ্জাফফর হোসেনের ছেলে মলিন (১৮), আন্দোলবাড়িয়া গ্রামের মুক্তার মীরের ছেলে সিন্দবাদ (৩৫) ও গোপালপুর গ্রামের ইয়াদুল (৮০)।
চিকিৎসক নাসিমুল জানান, মলিন ও ইয়াদুলের মৃত্যু হয় হাসপাতালে আনার পর। সিন্দবাদের মৃত্যু আগেই হয়।
এছাড়া রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে বজ্রপাতে দেবর-ভাবি নিহত হয়েছে।
শুক্রবার রাতে এ ঘটনায় ওই গ্রামের আবুল বাশার শেখের ছেলে রুবেল শেখ (১৫) এবং পুত্রবধূ পারভিন বেগম (১৮) মারা যান বলে জানিয়েছেন বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন।
রাত ৮টার দিকে দেবর-ভাবি বসতঘরের বারান্দায় বসে কথা বলার সময় বজ্রপাতে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান জাকির।
