২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় বজ্রপাতে শিশুসহ নিহত ৭  

বজ্রপাতে চার জেলায় এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 08:28 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত বজ্রপাতে আরও পাঁচ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

গাজীপুর  

শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- বেলদিয়া গ্রামের মিয়ার উদ্দিন মেঘুর ছেলে নছর উদ্দিন ওরফে নওশাদ (৬০) ও টাঙ্গাইলের মধুপুরের নওরী এলাকার আহাম্মদ আলীর ছেলে ছফির উদ্দিন (৩৫)।

শ্রীপুর থানার ওসি আব্দুল মোতালেব জানান, স্থানীয় সুতিয়া নদীর পাশে বেলদিয়া গ্রামের নছর উদ্দিন তার জমিতে শ্রমিকদের জন্য দুপুরের খাবার নিয়ে যান।

দুপুর আড়াইটার দিকে ধানক্ষেতের পাশেই বসে তিনিসহ (নছর) পাঁচজন একত্রে খাবার খাচ্ছিলেন।

এ সময় কয়েকবার বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন।

আহত টাঙ্গাইলের ধানকাটা শ্রমিক মো. শাহজাহান (৩৫), আহাম্মদ আলী (৪৫) ও রজব আলীকে (৩৫) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঝিনাইদহ

বজ্রপাতে ঝিনাইদহের শৈলকুপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক গৃহবধূ।

বিকালে নিহত ইন্তাজ শেখ (৭৪) উপজেলার কুমড়েদা গ্রামের বাসিন্দা ও প্রয়াত মোজাহার শেখের ছেলে।

শৈলকুপা থানার ওসি মো. হাশেম খান জানান, বিকাল ৫টার দিকে ইন্তাজ শেখ বাড়ির পাশের স্কুলের সামনে বসেছিলেন। বৃষ্টি শুরুর এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এছাড়া শৈলকুপার কুশোবাড়িয়া গ্রামের গৃহবধূ রূপালী বেগম বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে আহত হন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।   

মৌলভীবাজার

বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামের একটি রাস্তায় তিন শিশু খেলা করছিল।

এ সময় বজ্রপাতে সফর (৭) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার সহপাঠী রাজিব (১০) ও মিলাদ (৮)।

আহত রাজিবকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং মিলাদকে মৌলভীবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানান চেয়ারম্যান ফিরোজ।

মাগুরা

রাতে মাগুরা সদরে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

এরা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মনির (১৮), আন্দোলবাড়ীয়া গ্রামের সিন্দবাদ (৩৫) ও গোপালপুর গ্রামের ইয়াদুল (৮০)।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসিমুল হাসান বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।