সম্পত্তির বিরোধে ভাতিজাকে গুলি, মীমাংসায় পুলিশের
ফেনীর দাগনভূঞায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচার গুলিতে ভাতিজা আহত হওয়ার পাঁচ দিন পরও মামলা হয়নি। মীমাংসের উদ্যোগ নিয়েছে পুলিশ।
উপজেলার রামানন্দপুর গ্রামের বিনয়ভূষণ মজুমদার গত ৮ মে গুলিবিদ্ধ হন। স্কুল শিক্ষক বিনয়ভূষণ নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিনয়ভূষণের ছোটভাই মিঠুন মজুমদার জানান, তার বাবা ফণীভূষণ মজুমদারের সঙ্গে চাচা ছায়া রঞ্জন মজুমদার পিন্টু ও চাচি নমিতা দাসের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।
তিনি অভিযোগ করেন, “এর জের ধরে গত ৮ মে রাতে চাচা ছায়া রঞ্জন মজুমদার পিন্টুর নেতৃত্বে প্রতীক মজুমদার ও বিকাশ মজুমদারের সহযোগিতায় ১৫/১৬ জন মুখোশধারী সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা ৮/১০টি হাতবোমা ফাটায় এবং এলোপাথাড়ি গুলি ছুড়লে তার মেজ ভাই স্থানীয় সিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনয়ভূষণ মজুমদার গুলিবিদ্ধ হন। আহত হয় বাড়ির আরও ৪/৫ জন।”
এ ঘটনার পরদিন মিঠুন মজুমদার বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করলে মামলা নথিভুক্ত না করে তিনদিন পর গত ১২ মে পুলিশ বাদী ও বিবাদী পরিবারকে নিয়ে সমঝোতা বৈঠক করে। ওই বৈঠকে কোনো সমাধান না হওয়ায় আগামী ১৬ মে থানায় আবার বৈঠক ডাকা হয়েছে।
এদিকে হামলার পর পুলিশ মামলা না নেওয়ায় ও আটক না করায় আসামিরা তাদের নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মিঠুন।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার ঘটনার পর মীমাংসার জন্য থানায় উভয় পরিবারকে থানায় ডাকা হয়েছিল। গতকাল (মঙ্গলবার) বৈঠকে ওই দুই পরিবার কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় আগামী ১৬ মে পুনরায় তাদের বৈঠকের জন্য ডাকা হয়েছে।
ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলে বাদীর অভিযোগে উপর মামলা নেওয়া হবে বলে জানান ওসি।
