কক্সবাজারে স্বর্ণের বারসহ আটক ২
কক্সবাজারের রামুতে ১২টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বেলা ১টার দিকে রামুর তুলাবাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম শহরের পশ্চিম মাদারবুনিয়ার মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে মো. সাইফুল্লাহ (৪২) ও নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর রোডের মৃত মোহাম্মদ তামিম দুলালের ছেলে রশিদ আহাম্মদ (৪৯)।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় সাইফুল্লাহ ও রশিদকে আটক করা হয়।
পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার এবং নগদ এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বারের ওজন এক কেজি ৭০০ গ্রাম।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
