২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়াকে তাগিদ প্রধানমন্ত্রীর

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 03:35 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভ বুধবার সৌজন্য সাক্ষাতে গেলে তাকে এই আহ্বান জানানো হয়।

রুশ রাষ্ট্রদূত সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

সাক্ষাতকালে শেখ হাসিনাকে লেখা নিজ দেশের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের একটি চিঠি হস্তান্তর করেন নিকোলায়েভ।

শামীম চৌধুরী বলেন, “দিমিত্রি মেদভেদেভ চিঠিতে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্ব এবং ঐতিহ্যপূর্ণ সম্পর্ক সম্প্রতি নতুন মাত্রায় পৌঁছেছে বলে উল্লেখ করেছেন।”

বাংলাদেশে গ্যাস উত্তোলন ও বিতরণ, কৃষি এবং প্রথাগত ও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কথা উল্লেখ করে রাশিয়ার প্রধানমন্ত্রী তার চিঠিতে আরও বলেছেন, দুই দেশের সরকারে মধ্যে সক্রিয়া সহযোগিতার জন্য বাংলাদেশে বড় ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মেদভেদেভকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে রাশিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান।

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ও হামিদুর রহমান এবং বীরপ্রতীকপ্রাপ্ত ছয়জন মুক্তিযোদ্ধার উত্তরাধিকারীদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।