২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পাননি ডেসটিনির এমডি-চেয়ারম্যান

হাই কোর্টের একটি বেঞ্চের জারি করা রুল খারিজ হয়ে যাওয়ায় অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন মেলেনি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 03:23 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বুধবার বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ গত বছর দেওয়া রুলের শুনানি নিয়ে তা খারিজ করে দেন।

আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন মো. বদিউজ্জামান তপাদার। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।

২০১২ সালের ৩১ জুলাই মুদ্রাপাচার আইনে কলাবাগান থানার দুটি মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।

গত বছরের অগাস্টে তারা জামিনের জন্য আবেদন করলে হাই কোর্টের একটি বেঞ্চ কেন তাদের জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দেয়।

রুল খারিজের বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাই অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের আবেদন খারিজ করা হয়।”

আদালত রফিকুল আমিনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী বদিউজ্জামান জানান, রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের সঙ্গে আলোচনা করে এই আদেশের বিরুদ্ধে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।