কিশোরগঞ্জে ওয়ার্কশপে বিস্ফোরণ, যুবক নিহত
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় একটি ওয়ার্কশপে বিস্ফোরণে পথচারী এক যুবক নিহত হয়েছেন।
নিহত নূরুল্লাহ হক (৩০) সদর ইউনিয়নের মহিষাকান্দি গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি বেসরকারি একটি ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিলেন।
মিঠামইন থানার ওসি নাসির উদ্দিন ভূঁইয়া জানান, বুধবার সকাল ৯টার দিকে মিঠামইন বাজারের একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্কশপের মালিক মানিক মিয়া মুখবন্ধ একটি বড় ড্রাম ওয়েল্ডিং টর্চের সাহায্যে কাটছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের ধাক্কায় প্রচণ্ড গতিতে ড্রামটি উড়ে গিয়ে পথচারী নূরুল্লাহর মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা নাসির বলেন, “ওই ড্রামে আগে তেল রাখা হয়েছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে ছিল এবং আগুনের সংস্পর্শে আসায় সেটি বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
দুর্ঘটনার পর থেকে ওয়েল্ডিং মিস্ত্রি মানিক পলাতক বলে জানান ওসি।
