করাচিতে বাসে গুলিতে নিহত ৪৩, জুনদুল্লাহ’র দায় স্বীকার
পাকিস্তানের করাচিতে একটি বাসে উঠে গুলি চালিয়ে অন্তত ৪৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা।
জঙ্গি সংগঠন জুনদুল্লাহ প্রথমে এই হামলার দায় স্বীকার করে। পাকিস্তানি তালেবানের সঙ্গে জুনদুল্লাহ’র সম্পর্ক রয়েছে এবং গত বছর নভেম্বরে জঙ্গি সংগঠনটি ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করে।
পরে আইএস এক টুইটার বার্তায় ইসমাইলিয়াদের বাসে হামলার দায়িত্ব স্বীকার করে।
জুনদুল্লাহ’র মুখপাত্র আহমেদ মারওয়াত রয়টার্সকে বলেন, “যাদের হত্যা করা হয়েছে তারা ইসমাইলিয়া সম্প্রদায়ের এবং আমরা তাদের কাফের (অমুসলিম) মনে করি। আমাদের চারজন হামলাকারী ছিল। আগামীতেও আমরা ইসমাইলিয়া, শিয়া এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা চালাব।”
বুধবার সকালে করাচির সফুরা চকের কাছে ইসমাইলিয়া সম্প্রদায়ের সদস্যদের বহনকারী বাসটিতে হামলা হয়।
গোলাপি রংয়ের বাসটি অসংখ্য গুলির আঘাতে ঝাঁজরা হয়ে গেছে। আসনগুলো রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে। বাসের দরজা দিয়ে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছে।
হামলার পর এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পুলিশ প্রধান গুলাম হায়দার জামালি বলেন, হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন।
হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৬ জন নারী।
বাসযাত্রী আহত এক নারী হাসপাতাল থেকে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে টেলিফোনে বলেন, “বন্দুকধারীরা বাসে উঠে আসে। তাদের একজন চিৎকার করে বলে, ‘সবাইকে হত্যা কর’।”
হামলার শিকার বাসটি করাচির ইসমাইলিয়া সম্প্রদায়ের আবাসিক এলাকা আল-আজহার কলোনি থেকে নিয়মিত যাত্রী পরিবহন করত বলে জানা গেছে।
সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাজিব খান রয়টার্সকে বলেন, ছয়জন অস্ত্রধারী বাসে হামলা চালায়। বাসের সব যাত্রী ইসমাইলিয়া সম্প্রদায়ের, শিয়া মুসলিম সম্প্রদায়ের অংশ।
এ সম্প্রদায়ের অন্যতম সংগঠন ইসমাইলিয়া ন্যাশনাল কাউন্সিলের একজন সদস্য তাদের কয়েকজনের হতাহতের খবর নিশ্চিত করেছেন।
হামলার সময় ৫২ আসনের বাসটি যাত্রীতে ঠাসা ছিল বলে জানিয়েছে পুলিশ। আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে বেশ কয়েকজন ক্ষুব্ধ তরুণ মানববন্ধন করেছে এবং হতাহতদের পরিবাররের লোকজন ও চিকিৎসক ছাড়া আর কাউকে তারা হাসপাতালের ভেতরে ঢুকতে দিচ্ছে না।
ফেসবুক ও ইমেইলে ইসমাইলিয়া সম্প্রদায়ের জনগণকে এ হামলা নিয়ে কোন প্রতিক্রিয়া না জানাতে বা কোন কথা না বলতে পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আশঙ্কা সেক্ষেত্রে আবার তারা হামলার শিকার হতে পারে।
ইসমাইলিয়া সম্প্রদায়ের সদস্য উজমা আলকরিম বলেন, আমাদের লোকজন প্রতিদিন এই বাসে চেপে কাজে যেতেন। এর আগেও আমাদের হুমকি দেয়া হয়েছিল।
“প্রায় ছয় মাস আগে আমাদের সম্প্রদায়ের জ্যেষ্ঠরা নিজেদের নিরাপত্তা নিয়ে আমাদের সতর্ক হতে বলেছিলেন। কিন্তু কিছুদিন ধরে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছিল।”
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “ইসমাইলিয়া সম্প্রদায়ের জনগণ খুবই স্বদেশপ্রেমী ও শান্তিপ্রিয়। তারা সবসময়ই পাকিস্তানের ভালোর জন্য কাজ করেছেন। দেশে জাতিগত দাঙ্গা উসকে দেয়ার জন্য এ হামলা চালানো হয়েছে।”
হামলাকারীরা বাসে ইংরেজিতে লেখা লিফলেট রেখে গেছে। যার শিরোনাম ছিল, ‘ইসলামিক স্টেটের আবির্ভাব’।
জুনদুল্লাহ জঙ্গিরা এর আগেও বেশ কয়েবার পাকিস্তানের সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এ বছর জানুয়ারিতে জুনদুল্লাহ জঙ্গিরা সিন্ধু প্রদেশে শিয়াদের একটি মসজিদে বোমা হামলা চালিয়ে ৬০ জনকে হত্যা করে।
গত বছর ওয়াগা সীমান্তে বোমা হামলায় ৫৭ জন প্রাণ হারান। জুনদুল্লাহ ও তালেবান উভয় জঙ্গি সংগঠনই ওই হামলার দায় স্বীকার করেছিল।
এর আগে ২০১৩ সালে পেশাওয়ারে একটি গির্জায় বোমা হামলা চালায় জুনদুল্লাহ। ওই হামলায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।
