২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনকে দেশে এনে বিচার করা হবে: বেনজীর

ভারতের মেঘালয়ে ‘সন্ধান মেলা’ বিএনপিনেতা সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন র‌্যাব প্রধান বেনজীর আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 12:13 AM

Updated : 22 Aug 2022, 12:16 PM

মঙ্গলবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, তিনি (সালাহ উদ্দিন আহমেদ) গত তিন মাসে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যার অন্যতম কুশীলব।

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অন্যতম আসামি নুর হোসেনকে দেশে ফেরানোর চেষ্টা চলছে ‍উল্লেখ করে তিনি বলেন, তাকেও দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস এবং মানুষ হত্যার অভিযোগে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে।

আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে তার বিষয়ে জানার জন্য চেষ্টা করা হচ্ছে জানিয়ে বেনজীর বলেন, হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস এবং মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপরাধে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

“তার মতো আরও যারা লুকিয়ে আছেন, তারা আশা করি ধীরে ধীরে ‘সারফেস’ হবেন এবং দেশ ও জনগণকে মুক্তি দিবেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছিলেন ‘নিখোঁজ’ বিএনপিনেতা সালাহ উদ্দিন র‌্যারের হেফাজতেই আছেন।

এ বিষয়ে র‌্যাব প্রধান বলেন, পুরনো সংগঠনের একজন দায়িত্বশীল ব্যক্তি পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর দিকে অঙ্গুলি নির্দেশ করে কথা বলেন- এটা উদ্দেশ্যমূলক, হতাশাব্যঞ্জক ও দুঃখজনক।

রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাউকে অভিযুক্ত করা নৈতিকতার মানদণ্ডে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।