জুনেই মংলা-ঘষিয়াখালী চ্যানেল চালু, বন্ধ হবে শেলা রুট
খনন শেষে আগামী জুন মাসে সুন্দরবনের মংলা-ঘষিয়াখালী চ্যানেল নৌযান চলাচলের জন্য খুলে দিয়ে শেলা নদী রুট বন্ধ করে দেবে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের প্রশ্নে এই তথ্য জানান। মংলা-ঘষিয়াখালী চ্যানেলে নৌ চলাচল নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রী।
গত বছরের ডিসেম্বরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাছে শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেল ওয়েলবাহী ট্যাংকার ডুবে যায়।
তেল নিঃসরণের পর সরকার শেলা নদী রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিলেও গত ৬ জানুয়ারি থেকে ওই নৌরুটটি খুলে দেওয়া হয়।
ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল রুট ও দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের নৌ-বাণিজ্য যোগাযোগের বন্ধ হয়ে যাওয়া পথ ঘষিয়াখালী চ্যানেল উদ্ধারে গত ১৫ ডিসেম্বর ওই খালের মুখে থাকা চিংড়ি ঘেরগুলো বন্ধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এই নির্দেশের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত ২৪ ডিসেম্বর বাগেরহাটের ঘষিয়াখালী চ্যানেল উদ্ধারে ৭৪৩ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়।
নৌমন্ত্রী জানান, মংলা-ঘষিয়াখালী চ্যানেলে গত ৬ মে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়ার পর ওই রূট দিয়ে ১১ মে পর্যন্ত ২৬১টি নৌযান চলাচল করেছে।
“এই চ্যানেলে ২০০৯-১০ ও ২০১০-১১ সালে যথাক্রমে ১ দশমিক ২১ লাখ ঘন মিটার এবং ১ দশমিক ১৫ ঘন মিটার খনন করা হয়েছিল।”
মন্ত্রী জানান, গত দেড় দশক ধরে এই নৌ চ্যানেলের নাব্যতা কমতে থাকলে ২০১১ সালে এই নৌ চ্যানেলটি একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে ৮৭ মিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে নৌযানগুলো চলাচল করত।
শাজাহান খান জানান, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের ৩১ কিলোমিটারের মধ্যে ২২ কিলোমিটার খনন করা হবে। এর মধ্যে মংলা থেকে বগুড়া খাল পর্যন্ত ৯ কিলোমিটার খনন বাকী আছে।
“আগামী জুনে পুনঃউদ্যোমে চ্যানেলটি (মংলা-ঘষিয়াখালী) চালু করা হবে। আশা করছি তারপর শেলা নদীর চ্যানেল বন্ধ করে দেওয়া হবে।”
মংলা-ঘষিয়াখালী চ্যানেলের প্রশস্থতা বর্তমানে ২৪০ ফুট রয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, এটিকে ৩৩০ ফুট প্রশস্ত করা হবে।
নৌ-সচিব শফিক আলম মেহেদী ছাড়াও বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
