মংলা-ঘষিয়াখালী চ্যানেলে খনন কাজ শুরু
বাংলাদেশ-ভারত নৌ-বাণিজ্য প্রটোকলভুক্ত নৌ-পথের মৃতপ্রায় মংলা-ঘষিয়াখালী চ্যানেলে আবারো খনন কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় এ খনন কাজ উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মো. সামছুদ্দোহা খন্দকার।
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সাংবাদিকদের জানান, কুমারখালী নদীতে অবস্থিত মংলা-ঘষিয়াখালী চ্যানলটির কালিগঞ্জ বাজার এলাকা থেকে মংলার দিকে প্রায় ২২ কিলোমিটার অংশে এ খনন কাজ করা হবে। এ খনন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াইশ’ কোটি টাকা।
এর আগে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত দুই অর্থবছরে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চ্যানেলটির রামপাল উপজেলার পেড়িখালী অংশে খনন কাজ চালিয়ে এক পর্যায়ে তা পরিত্যক্ত ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সামছুদ্দোহা খন্দকার আরো বলেন, “নদী ভরাটের কারণে প্রায় তিন বছর ধরে মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ভারতের সঙ্গে নৌ-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
“বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ভেতর দিয়ে ভোলা নদী হয়ে বিকল্প পথে নৌযান চলাচল করায় সুন্দরবনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া ৮৭ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করায় ব্যবসায়ীদের পরিবহন ব্যয় বেড়েছে।”
এ অবস্থায় প্রধানমন্ত্রী কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প হিসেবে গুরুত্বপূর্ণ এই পথটিতে খনন কাজ শুরু করা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান।
৩২ কিলোমিটার দীর্ঘ মংলা-ঘষিয়াখালী চ্যানেলের ২২ কিলোমিটার অংশে মোট এক কোটি ঘনমিটার মাটি খনন করা প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, আগামী বছরের জুন মাসের মধ্যে এ খনন কাজ শেষ করার লক্ষ্যে প্রায় একশত কোটি টাকা ব্যয়ে বিআইডব্লিউটিএ নিজস্ব ড্রেজার দিয়ে ৩০ লাখ মিটার মাটি খনন করবে। বাকি ৭০ লাখ মিটার মাটি খননের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।
বিআইডব্লিউটিএ-এর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. আব্দুল মতিন, পরিচালক (ড্রেজিং) মোহাম্মদ হোসেনসহ অন্যরা খনন কাজ উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন।
