২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ট্রেনের টিকিট কালোবাজারিমুক্ত: রেলমন্ত্রী

আসন্ন রোজার ঈদে ট্রেনের টিকিট কালোবাজারি শতভাগ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর আমবাগান এলাকায় বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ শপ ও ওয়াগন মেরামত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রোজার ঈদে বাড়তি যাত্রীর চাপ মোকাবেলায় ট্রেনের বহরে অতিরিক্ত কোচ সংযোজনের জন্য পুরাতন কোচ মেরামতের কাজ তদারকি করতে ক্যারেজ শপ ও ওয়াগন মেরামত কারখানা পরিদর্শন করছিলেন রেলমন্ত্রী মুজিবুল।

মন্ত্রী বলেন, “গত ঈদে আমরা টিকিট কালোবাজারি শতভাগ না হলেও অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবারের ঈদে আমাদের লক্ষ্য শতভাগ কালোবাজারি মুক্ত টিকিট বিক্রি, যাতে যাত্রীরা নির্বিঘ্নে ঈদ করে কর্মস্থলে ফিরতে পারেন।”

টিকিট কালোবাজারি ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও র‌্যাব কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী কালোবাজারিতে রেলওয়ের কোন কর্মকর্তা জড়িত থাকার ‍সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে কর্মকর্তাদের সতর্ক করেন।

মুজিবুল হক জানান, গত ঈদে আমরা ৮০টি অতিরিক্ত কোচ সংযোজন করেছিলাম। এবার আরও পাঁচটি বাড়িয়ে ৮৫টি কোচ সংযোজন করব। এ লক্ষ্যে সৈয়দপুর ও পার্বতীপুর ও চট্টগ্রামের আমবাগান ক্যারেজ শপে পুরাতন ও ত্রুটিপূর্ণ কোচ চলাচল উপযোগী করার কাজ চলছে পূর্ণ গতিতে।

“শতভাগ যাত্রীসেবা নিশ্চিত করতে ক্যারেজ শপের সর্বোচ্চ সক্ষমতাকে ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যক কোচ আমরা রেলবহরে যুক্ত করব।”

প্রধানমন্ত্রীর নির্দেশে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে তিনি চট্টগ্রাম সফর করছেন বলে জানান।

আমবাগান ক্যারেজ ও ওয়াগন শপে কোচ মেরামতের কাজ ঘুরে দেখার পর পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের কনফারেন্স রুমে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন তিনি।

রেলমন্ত্রী বলেন, কীভাবে অতিরিক্ত ট্রেন বাড়ানো, সিডিউল বিপর্যয়মুক্ত রাখা, কালোবাজারি ঠেকানো ও ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা যায় সে বিষয়ে করণীয় ঠিক করতে কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বেদখল হওয়া ভূমি উদ্ধারে কোন পদক্ষেপ আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, রেলওয়ে ভূমি অনেক আগে থেকেই বেদখল হয়ে আছে। ভূমি উদ্ধার করা একটি রুটিন কাজ। সেটা নিয়মিতভাবেই চলছে।

ভূমি উদ্ধার কাজের পাশাপাশি রেলওয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী যারা কোয়ার্টারের আশপাশ দখল করে ভাড়া দিয়েছে তাদেরকেও নোটিস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাউদ্দিন, একান্ত সচিব কিবরিয়া মজুমদার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক ও পূর্ব রেলের প্রধান যন্ত্র প্রকৌশলী হারুনুর রশিদ।