মেয়র মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত
গাড়ি ভাংচুরের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে দেওয়া পুলিশের অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফারজানা খান মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছর ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস ও একটি লেগুনা ভাংচুর হয়।
এ ঘটনায় সাংবাদিক এমএ ফরিদ বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেয়র এম এ মান্নান, দলের জেলা সভাপতি ফজলুল হক মিলনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫/২০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।
তদন্তের পর গত ৩০ এপ্রিল আদালতে এম এ মান্নান, ফজলুল হক মিলনসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপগ্র দাখিল করে পুলিশ।
পরিদর্শক রবিউল ইসলাম আরও জানান, আগামী ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্ষ করা হয়েছে।
মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মান্নান এটিসহ তিনটি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় মোট সাতটি মামলা রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন।
