ব্যাংকের ভেতরে নিরাপত্তা বাড়াতে বললেন সিএমপি কমিশনার
চট্টগ্রাম নগরীতে কর্মরত ব্যাংকগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
একটি ব্যাংকের শাখায় ঢুকে প্রহরী খুনের ঘটনার তিনদিন পর সোমবার চট্টগ্রামের সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বিকালে সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন ব্যাংকের ৪১ জন কর্মকর্তাদের পাশাপাশি সিএমপির বিভিন্ন জোনের উপ-কমিশনার ও বিভিন্ন থানার ওসিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
দেড় ঘন্টাব্যাপী বৈঠক সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বৈঠক শেষে সিএমপি কমিশনার সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, “আমরা নগরীর সবগুলো ব্যাংককে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য কর্মকর্তাদের বলেছি।”
নিরাপত্তাকর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে জলিল মণ্ডল বলেন, “বিশেষ করে শুক্র ও শনিবারসহ ছুটির দিনে গার্ডরা সঠিকভাবে দায়িত্ব পালন করে কিনা ব্যাংকের দুজন কর্মকর্তার মাধ্যমে তাদেরকে মনিটরিং করার জন্য বলেছি।”
এছাড়া নিরাপত্তাকর্মীদের অগ্নেয়াস্ত্রগুলোও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।
জলিল মণ্ডল বলেন, এসব আগ্নেয়াস্ত্র যাচাই করতে পুলিশের কাছে আনলে তা যাচাই করে দেওয়া হবে।
ব্যাংকে সিকিউরিটি ডিভাইস বসানোর পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “এই ডিভাইসের একটা সংযোগ থাকবে আমাদের কন্ট্রোল রুমের সাথে। ব্যাংকে যদি ‘আনওয়ানটেড’ কেউ প্রবেশ করে তাহলে ডিভাইস থেকে আওয়াজ করবে।”
এছাড়া কোনো ধরনের অসুবিধায় পড়লে স্ব-স্ব থানার ওসিদের সাথে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখা কার্যালয়ে গলা কেটে হত্যা করা হয় নৈশপ্রহরী মো. ইব্রাহিমকে।
বৃহস্পতিবার ঘটনা ঘটলেও শুক্রবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
