দক্ষতা দেখালে পুরস্কার: কাদের
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তরের কর্মকর্তাদের দক্ষতার জন্য পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনস্থ দপ্তরগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, “মাঠ পর্যায়ে কাজ সম্পাদনে নানান চ্যালেঞ্জ রয়েছে। এসকল চ্যালেঞ্জ দিনদিন বাড়ছে। বিচক্ষণতার সঙ্গে সরকারি নিয়ম-নীতি পালন করে কাজটি সম্পন্ন করার মাঝেই কর্মকর্তা বা প্রকৌশলীদের দক্ষতা ফুটে ওঠে।”
“কোন কর্মকর্তা ভালো কাজ করলে বা দক্ষতা দেখালে তিনি পুরস্কৃত হবেন। আর খারাপ কাজের জন্য রয়েছে তিরষ্কার, এ অনুষ্ঠানে এটাই আমাদের স্লোগান।”
মন্ত্রী জানান, মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে দক্ষতা পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে।
কাজে দেরি করার জন্য ইতোমধ্যে ঠিকাদারদের কার্যাদেশ বাতিল শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কগুলোর কাজ এগিয়ে চলছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমি দেশবাসীকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, আসন্ন ঈদে সড়ক-মহাসড়কগুলো ভোগান্তির কারণ হবে না।”
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সওজর প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
