২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলবাসীর জীবনমান উন্নয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ ছিটমহলবাসীর জীবনমানের উন্নয়নের জন্য নানা ধরনের পরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

একইসঙ্গে ছিটমহলবাসীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, সে পদক্ষেপ নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।  

সীমান্ত সমস্যা সমাধানে ভারতের পার্লামেন্টে সংবিধান সংশোধনের প্রেক্ষাপটে সোমবার জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যে সমস্ত এলাকাগুলো আমরা পাব, ওই এলাকায় যে সমস্ত জনগোষ্ঠী আছে তারা এতদিন খুব কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করেছে। প্রায় ৬৮ বছর সময় চলে গেছে তাদের জীবনে। এখন তাদের সার্বিক উন্নতি করা আমাদের দায়িত্ব।

“ইতোমধ্যে আমরা নির্দেশও দিয়েছি। যেমন- তাদের চিকিৎসাসেবার জন্য হাসপাতাল করা, স্কুল করে দেওয়া, রাস্তা করে দেওয়া, তাদের জীবনজীবিকার ব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া, যারা গৃহহীন, তাদের ঘরবাড়ি করে দেওয়া।”

শেখ হাসিনা প্রত্যয়ের সঙ্গে বলেন, “আমরা এগুলো করতে পারব। এ দায়িত্ব আমাদের রয়ে গেছে। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”

Image
দাসিয়ার ছড়া ছিটমহলের চিত্র

দাসিয়ার ছড়া ছিটমহলের চিত্র

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হলে বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। একইভাবে ভারতের ভেতর থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল হয়ে যাবে ভারতের ভূমি।

এ প্রক্রিয়ায় ছিটমহলবাসীরা তাদের জমিতে তাদের ভিটামাটিতে বসবাসের সুযোগ পাবেন। কাউকে স্থানান্তরের প্রয়োজন হবে না। তবে তাদের জাতীয়তা বদলে যাবে। কেউ আগের জাতীয়তা বজায় রাখতে চাইলে তিনি আগের দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

শেখ হাসিনা বলেন, “ভারত যেহেতু এটা পাস করেছে; আমাদের এখন যেটা সব থেকে প্রয়োজন, ওই ছিটমহলবাসী, তাদের যেন কোনোরকম অসুবিধা না হয়, কেউ যেন তাদের ওপর কোনো রকম অত্যাচার করতে না পারে, প্রত্যেকে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

“প্রত্যেকের ভালোমন্দ দেখা আমাদের দায়িত্ব। কাজেই যেটা ভারতের পাওয়ার কথা সেটা তারা পেয়ে যাবে, যেটা বাংলাদেশের পাওয়ার কথা সেটা বাংলাদেশ পেয়ে যাবে।”

প্রধানমন্ত্রী এ সময় ছিটমহলবাসীর নিরাপত্তাসহ তাদের দেখভালের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা সংস্থা, বর্ডার গার্ডের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও নির্দেশ দেন।

এসময় ভারত-বাংলাদেশের সীমানা বণ্টনের ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে ছিটমহল সমস্যার সমাধান আরও আগেই হয়ে যেত।

“১৯৭৫-এ জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের কোনো দাবি, কোনো কথা কোনোদিন আর তোলে নাই। তোলার সাহসই বোধহয় পায়নি; এটা হল বাস্তব কথা।”

Image
ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়ায় উল্লসিত বামনিকুটি ছিটমহলের কৃষক সাইফুর রহমান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়ায় উল্লসিত বামনিকুটি ছিটমহলের কৃষক সাইফুর রহমান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

Image
ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়াকে বিজয় হিসেবে দেখছেন বামনিকুটি ছিটমহলের বাসিন্দা রোজিনা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাসে ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়াকে বিজয় হিসেবে দেখছেন বামনিকুটি ছিটমহলের বাসিন্দা রোজিনা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

এর আগে মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী ছিটমহলবাসীর শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিতের নির্দেশ দেন বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের সময় পার্বত্য শান্তি চুক্তি, সমুদ্রসীমা জয়ের পর ছিটমহল বিনিময়ের বাধা দূর হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মন্ত্রিসভার সদস্যরা।

এক মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ইন্দিরা-মুজিব চুক্তি আমার আমলে বাস্তবায়ন হওয়ায় আমি স্যাটিসফাইড। বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি সন্তুষ্ট। বাংলাদেশ-ভারত সম্পর্ক মাত্রা ছাড়িয়ে খুব ভালো পর্যায়ে অবস্থান করায় এই অর্জন হয়েছে।”

ভিডিও কনফারেন্সে পঞ্চগড় ও টাঙ্গাইল জেলা উন্নয়ন কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সংযুক্ত ছিলেন গাইবান্ধা, জামালপুর ও কিশোরগঞ্জ জেলা উন্নয়ন কমিটি এবং রংপুর ও ঢাকার বিভাগীয় কমিশনাররা। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। 

কনফারেন্সে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে উন্নয়ন প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

দেশের উত্তরের বাংলাবান্ধা স্থল বন্দরের ভবিষ্যৎ ও এর পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “বাংলাবান্ধা স্থলবন্দরের কিন্তু গুরুত্ব বেড়ে যাচ্ছে। এ বিষয়টা সকলকেই লক্ষ্য রাখতে হবে। নেপালের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য বেড়ে যাচ্ছে। নেপালকে ইতোমধ্যেই সিদ্ধান্ত দিয়েছি যে, আমাদের পোর্ট ব্যবহার করতে পারবে তারা।

“সৈয়দপুরের এয়ারপোর্টও আমরা চালু করে দিয়েছি। নেপাল এবং ভুটান দুটো দেশই ইচ্ছে করলে কিন্তু আমাদের এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারে।”

শেখ হাসিনা দুই জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে তার সরকারের সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা তৈরি, দারিদ্রতা কমানো, মূল্যস্ফীতি কমানো এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উন্নয়ন তুলে ধরেন।

একইসঙ্গে মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছতে সকলকে ‘স্ব-স্ব’ দায়িত্ব ‘যথাযথভাবে’ পালনেরও আহ্বান জানান তিনি।

একইসঙ্গে বিএনপি-জামায়াতের নাশকতা ও জঙ্গিবাদের বিষয়ে দেশবাসীর সচেতনতা বাড়াতেও আহ্বান জানান তিনি।

পুরনো খবর:

‘ঠিকানা বদলে’ অধিকারের স্বপ্ন ছিটমহলে