২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা রক্ষায় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব

কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় করণীয় নির্ধারণে সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব করেছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 09:55 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

রোববার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক সভায় এই প্রম্তাব করা হয়।

‘হালদা নদীকে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা বিষয়ক’ এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।

সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মন্ডল বলেন, “উচ্চ পর্যায়ের নিদের্শনা আছে যেন হালদাকে ইসিএ ঘোষণা করি। তবু সংশ্লিষ্ট সকলকে নিয়ে এখানে বসেছি।

“পরিদর্শনে গিয়ে দেখেছি, হালদার অবস্থা ভালো নয়। ট্যানারি-বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান হালদাকে দূষিত করছে। হালদাকে রক্ষায় দূষণ কঠোরভাবে বন্ধ করা হবে।”

বিভাগীয় কমিশনারের নেতৃত্বে যদি সমন্বয় কমিটি করা যায়, তাহলে অনেক কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভবপর হবে বলে মনে করেন তিনি।

বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ বলেন, হালদা নদী বাংলাদেশের ঐতিহ্য। একে বাঁচাতেই হবে। এর কোনো বিকল্প নেই।

“প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার সম্প্রতি নদী পরিদর্শন করে গেছেন। উনি বিভিন্ন দপ্তরে বেশকিছু সুপারিশ করেছেন। স্থানীয়ভাবে নয় বরং মন্ত্রণালয় থেকে কমিটি করে দিতে হবে।”

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে কমিটি করা যেতে পারে বলে মত দেন তিনি। সেইসঙ্গে নদী যেসব ইউনিয়ন-উপজেলা ও জেলার মধ্য দিয়ে গেছে, সবাইকে সম্পৃক্ত করে বিভাগীয় কমিটি করার পক্ষে অবস্থান জানান তিনি।

“রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততারও দরকার আছে। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সংক্ষিপ্ত সময়ে করণীয় সুপারিশ নির্ধারণ জরুরি,” বলেন আব্দুল্লাহ।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া বলেন, শিল্প দূষণ, রাবার ড্যাম ও স্লুইস গেট নির্মাণ, এক শতকে ১১টি বাঁক কেটে ফেলা, মা মাছ নিধন এবং বালু উত্তোলনের কারণে হালদা এখন বিপন্ন।

নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত করে এমন কাঠামো নির্মাণ না করার দাবি জানিয়ে সেচের পানির বিকল্প উপায় সন্ধান, মা মাছ শুমারি, জাতীয় নদী ঘোষণা এবং ইসিএ ঘোষণার সুপারিশ করেন তিনি।

হালদা বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী বলেন, হালদার ১৬টি উপ-খাল আছে। নদীটি কর্ণফুলীর সঙ্গেও যুক্ত। ফেব্রুয়ারি থেকে জুলাই সংযুক্ত খাল এবং নদী অংশেও মাছ ধরা বন্ধ রাখতে হবে। মার্চ থেকে রাবার ড্যাম খুলে দিতে হবে এবং মাছের জিন সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।

হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, “রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নদী থেকে অনুমোদন ছাড়াও বালি উত্তোলন করা হয়। অভিযানে গেলে নানা দিক থেকে ফোন করা হয়।”

হালদার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর বলেন, “নদীর হালদামুখ থেকে মদুনাঘাট অংশে অভয়াশ্রম করা হয়নি। সেখানে মাছ ধরলে নদীতে মাছ আসবে কী করে? শিকারীদের কোনো শাস্তি হয় না। তাই মা মাছ শিকার চলছেই।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক সাইদুর রহমান, ওয়াসার প্রধান রসায়নবিদ মিলন কুমার চক্রবর্তী, বন বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ডিম আহরণকারী দুলাল দাশ।