মহেশখালীতে মানবপাচারকারী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মানবপাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার কুতুবজোম থেকে মমতাজ মিয়া প্রকাশ মমতাজ মাঝিকে (৬০) গ্রেপ্তার করা হয়।
মমতাজ মাঝি কুতুবজোমের তাজিয়ারকাটা এলাকার প্রয়াত করিম সিকদারের ছেলে।
মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে কুতুবজোমের চাইল্ল্যাতলী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মমতাজ কক্সবাজারের মানবপাচারকারীদের একজন এবং তার বিরুদ্ধে মহেশখালীতে মানবপাচারের অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
