২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় বাড়ি ফিরল এক হিন্দু পরিবার

ঝিনাইদহের শৈলকুপার নাদপাড়া গ্রাম থেকে স্থানীয় সন্ত্রাসীদের হুমকির মুখে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া একটি হিন্দু পরিবার পুলিশের সহায়তায় বাড়ি ফিরেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 09:18 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

নিরাপত্তাহীনতায় পালিয়ে থাকা অন্য দুটি পরিবারকেও দ্রুত বাড়িতে ফিরিয়ে আনা হবে বলে জানান শৈলকুপা থানার ওসি মো. হাশেম খান।

গত ১ মে নাদপাড়া গ্রামের তিনটি হিন্দু পরিবার স্থানীয় সন্ত্রাসীদের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।

শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও ওসি হাশেম খানের নেতৃত্বে শৈলকুপা থানা পুলিশের সহায়তায় শুক্রবার বিকালে সমরেন মণ্ডলের পরিবাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার বিকালে নাদপাড়া হাইস্কুল মাঠে প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাস দমন সভার পর তিনি নিজে বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন বলে জানান মনিরুজ্জামান।

সমরেন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন বাড়ির আশপাশে পুলিশ টহল দিচ্ছে। পুলিশ তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় বাড়ি ফিরে এসেছেন।

প্রতিবেশীরা আজ কালের মধ্যে বাড়িতে ফিরে আসবেন বলে আশা করছেন তিনি।

সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, নাদপাড়া গ্রামের সমরেন মণ্ডল ও বিপুল মণ্ডল মাসখানেক আগে ১২ কাঠা জমি বিক্রি করেন। এরপর থেকে পার্শ্ববর্তী আউশিয়া গ্রামের একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল।

মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রতিদিন মোটর সাইকেলযোগে তাদের বাড়ি গিয়ে গালাগাল ও হুমকি দিত। দীর্ঘক্ষণ ওই বাড়িতে অবস্থান করে বারন্দায় বসে মাদক সেবন করত এবং তাদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করত।”

পরে গত ৫ মে ওই দুই পরিবার পালিয়ে যান। এছাড়া মাসখানেক আগে তাদের আরেক প্রতিবেশী দেবেন্দ্রনাথ বিশ্বাস চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে জানান মাহমুদুল হাসান। 

পুরনো খবর:

হুমকিতে বাড়িছাড়া ৩ হিন্দু পরিবার