দিনাজপুর সীমান্ত থেকে গুলিসহ পিস্তল উদ্ধার
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
শনিবার দুপুরে বিরামপুরের ঘাসুরিয়া সীমান্ত থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার-পাঁচ জন চোরাচালানি বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে ঘুরাফেরা করার সময় বিজিবির টহল দল তাদের দিকে এগিয়ে যায়। তখন চোরাচালানীরা একটি ব্যাগ ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যায়।
“ফেলে যাওয়া ব্যাগ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বাদি হয়ে বিরামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
