মহড়ায় অংশ নিতে সিঙ্গাপুরের পথে ধলেশ্বরী
সিঙ্গাপুরে আন্তর্জাতিক নৌমহড়া ও সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের নৌ জেটি ছেড়ে যায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী।
১৯ মে থেকে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন (আইএমডিএক্স) এশিয়া-২০১৫ শীর্ষক প্রদর্শনী ২১ মে পর্যন্ত চলবে।
এতে অংশ নিচ্ছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গ্রীস ও আরব আমিরাতের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও সামরিক কর্মকর্তারা।
এছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, ফ্রান্স, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কোস্টগার্ড ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সিগুলো অংশ নেবে।
যুদ্ধজাহাজ ধলেশ্বরীর অধিনায়ক ক্যাপ্টেন এম মঈনুল হাসানের নেতৃত্বে ২৭ জন কর্মকর্তা ও ১০৫ জন নাবিকসহ ১৩২ জন এ মহড়া ও প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
সিঙ্গাপুরে যাওয়ার সময় জাহাজটি মালয়েশিয়ার লুমুট বন্দর এবং মহড়া শেষে দেশে ফেরার পথে মালয়েশিয়ার পেনাং বন্দরে শুভেচ্ছা সফর করবে।
জাহাজটি ৩১ মে দেশে ফিরে আসার কথা রয়েছে।
চট্টগ্রামের নৌ জেটি থেকে জাহাজটিকে বিদায় দেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবিব ও বিএন ফ্লোটিলা কমডোর এম খালেদ ইকবালসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
