আরও দুই বছর মালয়েশিয়ায় রাষ্ট্রদূত থাকছেন শহীদুল
মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হওয়ায় একই পদে তাকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে শহীদুলের অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল এ বছরের ২৭ জানুয়ারি মালয়েশিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ পান। গত ৩ মে তার চাকরির মেয়াদ শেষ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি করার পর বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন শহীদুল।
এর আগে তিনি দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের দূতের দায়িত্ব পালন করেন।
এছাড়া ব্রাসেলস, কলম্বো, আবু ধাবি, রোম ও লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ মিশনেও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন শহীদুল।
