শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা আকবরের মৃত্যু
একাত্তরের মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের শ্রীপুর বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার মৃত্যু হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
মুক্তিযুদ্ধ শুরু হলে আকবর সহস্রাধিক যুবক নিয়ে নিজ নামে বিশাল বাহিনী গড়ে তোলেন, যাকে মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকার ‘শ্রীপুর বাহিনী’ নাম দিয়েছিল।
তার নেতৃত্বে শ্রীপুর বাহিনীর যোদ্ধারা মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ির পাংশা ও ফরিদপুরের মধুখালীসহ বিভিন্ন এলাকায় মুক্তাঞ্চল গড়ে তোলে।
তার বাহিনী এসব অঞ্চলে অন্তত ২৭টি সশস্ত্র যুদ্ধে অংশ নেয়। এসব যুদ্ধের রণকৌশল, অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ, যোদ্ধা নির্বাচন সবকিছুই নিজ বিচক্ষণতায় করেছেন শ্রীপুর বাহিনী প্রধান আকবর হোসেন মিয়া। মাগুরার শ্রীপুর ও ঝিনাইদহের শৈলকূপা থানা লুট করে যোদ্ধাদের জন্য অস্ত্র সংগ্রহ করেছিলেন তিনি।
শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে জন্ম নেন আকবর হোসেন মিয়া।
স্বাধীনতা পূর্বকালে তিনি পাকিস্তান এয়ার ফোর্সের গ্রাউন্ড কমব্যাট ইনস্ট্রাক্টর ছিলেন। বাঙালিদের প্রতি পশ্চিমাদের বৈষম্যমূলক আচরণের কারণে ১৯৫৪ সালের ৮ অগাস্ট চাকরি ছেড়ে নিজ জেলায় ফিরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।
নেতৃত্বের যোগ্যতাবলে ১৯৬৪ সালে তিনি শ্রীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। ১৯৬৫ সালে নির্বাচিত হন নিজ ইউনিয়ন শ্রীকোলের চেয়ারম্যান।
রাজনীতি ও জন প্রতিনিধিত্বের পথ ধরেই ছেষট্টির ৬ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন এই মুক্তিযোদ্ধা। যুদ্ধের পর ‘মুক্তিযুদ্ধে আমি ও আমার বাহিনী’ নামে একটি বইও লিখেন তিনি।
কিংবদন্তিতুল্য এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শ্রীপুর ও মাগুরার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছে।
রোববার সকাল ১০টার দিকে নামাজে জানাজা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
