শেরপুর-দিনাজপুরে বজ্রপাতে নিহত ৪
শেরপুরের দুই উপজেলা এবং দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
এর মধ্যে শেরপুর সদর উপজেলায় গাছ কাটার সময় বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হন, আর নালিতাবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রী ও এক নারী মারা যান।
এছাড়া দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিহত হন এক কৃষক।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টার মধ্যে দুই জেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শেরপুরে নিহতরা হলেন- সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের মৃত গেন্দু শেখের ছেলে বদ্দি মিয়া (৩৫), নালিতাবাড়ীর পশ্চিম সমচচূড়ার নূর হোসেনের মেয়ে মরিয়ম বেগম (১২) ও গাগলাজানি গ্রামের আব্দুল হামিদ হামুর স্ত্রী মালেকা বেগম (৫০)। এদের মধ্যে মরিয়ম স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন।
নালিতাবাড়ী থানার এসআই খন্দকার মুফতি মাহমুদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিম সমচচূড়ার গ্রামে বজ্রপাত ঘটলে স্কুলছাত্রী মরিয়ম বাড়ির পাশের পুকুর পাড়ে মারা যান।
“আর গাগলাজানি গ্রামের মালেকা বেগম সকাল ১০টার দিকে বাড়ির আঙিনায় গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
দিনাজপুরে নিহত কৃষক মো. ফেরদৌস (৪৫) বিরামপুর উপজেলার শিমুলপুর গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন ফেরদৌস।
উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
