২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আল-বায়্যিনাতের ৯ সদস্য আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে প্রচারপত্র বিতরণকালে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 11:29 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

শুক্রবার বিকালে উপজেলা সদর থেকে গ্রেপ্তারের পর রাতে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

পুলিশ সুপার এসএম এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সবাই ‘আল-বায়্যিনাত’ নামে একটি ইসলামি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে

এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আগামী ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

সংগঠনটির সদস্য মো. মোত্তাকিন  সাংবাদিকদের বলেন, “বিশ্ব ভারতীর অনুকরণে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করে সেখানে সাংস্কৃতিক চর্চা করা হবে, যা ইসলাম ধর্মের বিরোধী।

“আমরা এখানে বিশ্ববিদ্যালয় চাই। তবে হিন্দুধর্মাবলম্বী রবীন্দ্রনাথের নামে নয়, অন্য যে কোন নামে হোক তাতে আমাদের আপত্তি নেই।”

এ বিষয়ে জনমত তৈরির জন্যই তারা প্রচারপত্র বিলি করছিল বলে জানান মোত্তাকিন।

আটকরা হলেন-  আল-ব্যাইনিয়্যত  সদস্য হারুন-অর-রশিদ (২৩),  খন্দকার মো. মোস্তাকিন (২৮),  ওমর ফারুক রিঙ্কু (২০),শরিফ হোসেন ডলার (৩০), মোজহাহদ কাজী (২৬), মতিউর রহমান (২৫),  মাহফুজুর রহমান শামিন (৪৫), শাহিন (২৬) ও শাকিল আহম্মেদ (১৬)।