২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট জালিয়াতির অভিযোগেই জালিয়াতি!

এজেন্টদের স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের সইসহ একই রকম দেখতে ভোটের ফলের দুটি কপি নির্বাচন কমিশনে হাজির করে জালিয়াতির অভিযোগ এনেছেন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের কয়েকজন পরাজিত প্রার্থী। 

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 11:25 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

পুরনো খবর:

তিন সিটিতে নির্বাচিতদের গেজেট প্রকাশ
ভোটে অনিয়মের অভিযোগ তদন্ত হবে: হাসিনা
অনিয়মের কথা কেউ জানায়নি: সিইসি

তাদের অভিযোগ, কেন্দ্রে ফল ঘোষণার পর বাতিল ভোটের তথ্য ‘এদিক-ওদিক করে’ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফল পাল্টে দেওয়া হয়েছে।

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, যারা অভিযোগ তুলেছেন, তারাই ‘আসল জালিয়াত’; হেরে যাওয়ার পর মরিয়া হয়ে তারা ‘জাল কাগজ বানিয়ে’ কমিশনে এসেছেন।

গত মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট চলার মধ্যেই কেন্দ্র দখল এবং ক্ষমতাসীন দলসমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালটে ‘গণসিল মেরে বাক্স বোঝাইয়ের’ অভিযোগে বর্জনের ঘোষণা দেন বিএনপিসমর্থিত মেয়রপ্রার্থীরা।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, তিন সিটিতেই মেয়র এবং অধিকাংশ কাউন্সিলর পদে সরকারসমর্থকরা জয়ী হয়েছেন। কমিশনের তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৪৪ শতাংশ; আর বাক্সে পড়া প্রতি ২২টি ভোটের মধ্যে একটি বাতিল হয়েছে।  

বৃহস্পতিবার ওই ফলাফলের গেজেট প্রকাশের আগে জালিয়াতির অভিযোগ নিয়ে কমিশনে যান তিন ডজন পরাজিত প্রার্থী। এর মধ্যে কাউন্সিলর পদের কয়েকজন প্রার্থীর অভিযোগ ছিল একইরকম- বাতিল ভোটের তথ্য ‘অদল-বদল করে’ ফল জালিয়াতি।     

এরকম একটি অভিযোগ কমিশনে হাজির করেন চট্টগ্রামের ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের প্রার্থী আবদুস সবুর লিটন। চট্টগ্রাম হালিশহর হাউজিং এস্টেট কেন্দ্রের (৪৭১ নম্বর কেন্দ্র) ভোট গণনার বিবরণীর দুই রকম কপি তিনি অভিযোগের সঙ্গে দাখিল করেন।  

এর মধ্যে যে কপির ভিত্তিতে কমিশন চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেছে, তাতে দেখা যায় ১ হাজার ৯৪১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬৭০টি। ৩২৭টি ভোট বাতিল হওয়ায় ৩৪৩টি ভোট বৈধ ঘোষিত হয়েছে।

এর মধ্যে ঘুড়ি প্রতীক ২২৬, মিষ্টিকুমড়া ৩২, সবুরের টিফিন ক্যারিয়ার ২৪ এবং লাটিম প্রতীক পেয়েছে ৬১ ভোট।

সবুরের দাবি, কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার যে ফল ঘোষণা করেছেন তার আসল কপি এটি নয়। 

পরাজিত এই প্রার্থী ‘আসল’ বলে ভোটের যে বিবরণী কমিশনে দিয়েছেন, তাতে দেখা যায়, বাতিল ভোট ৭টি, বৈধ ভোট ৬৬৩টি। এর মধ্যে ঘুড়ি ২২৬, মিষ্টিকুমড়া ৩২, টিফিন ক্যারিয়ার ২৪ এবং লাটিম ৩৮১ ভোট পেয়েছে।

কেন্দ্রে ফল ঘোষণার পর ‘কারচুপির মাধ্যমে’ বাতিল ভোটের হিসাব ‘কম দেখিয়ে’ লাটিম প্রতীকে ৩২০ ভোট ‘বাড়িয়ে দিয়ে’ টিফিন ক্যারিয়ারকে ‘হারোনো হয়েছে’ বলে কমিশনের কাছে অভিযোগ করেন আবদুস সবুর লিটন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি ছাড়া বাকি কেন্দ্রগুলোতে জেতার পর ১২৫ ভোটে এগিয়ে ছিলাম। ৪৭১ নম্বর কেন্দ্রের ফলাফল প্রিজাইডিং অফিসারের কাছ থেকে পেয়ে নিশ্চিত হই, আমিই জিতেছি। কারণ, সেখনে আমি পেয়েছি ২৪, আর লাটিম পেয়েছে ৬১।

“কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয় চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর দেখি, ওই কেন্দ্রে লাটিম নাকি ৩৮১ ভোট পেয়েছে।”

কিন্তু সবুরের দেওয়া ভোটের বিবরণীর দুটি কপি পরীক্ষা-নিরীক্ষার পর নির্বাচনী দায়িত্ব পালনে অভিজ্ঞ উপ সচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যিনি অভিযোগ নিয়ে এসেছেন, তার দেওয়া কাগজেই জালিয়াতি হয়েছে।

তার যুক্তি, দুটি কপি ও এজেন্ট-কর্মকর্তাদের স্বাক্ষর দেখতে কাছাকাছি মনে হলেও ফলাফল যে দুই ব্যক্তি লিখেছেন, তা হাতের লেখায় স্পষ্ট। অভিযোগকারীর দেওয়া কাগজে বৈধ ও বাতিল ভোট নির্ধারিত ঘরে লেখা হয়নি।

“হেরে গিয়ে ফলাফল শিট বানিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন ওই প্রার্থী”, বলেন নির্বাচন কমিশনের এই কর্মকর্তা।

তিনি বলেন, “ওই প্রার্থী জালভোট কিংবা কেন্দ্র দখল করে কারচুপির অভিযোগ আনতে পারতেন। তা না করে তিনি জেনুইন ফলাফলের শিটকে প্রশ্নবিদ্ধ করতে একই রকমের আরেকটি শিট বানিয়ে এনেছেন। এটা আরও বড় জালিয়াতি।”

একই ধরনের অভিযোগ কমিশনকে জানিয়েছিলেন ঢাকা উত্তরের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগসমর্থিত মোক্তার সরদার। তার দাবি, ‘আসল হিসাবে’ ৯০০ ভোট বেশি পেলেও পরে বিদ্রোহী প্রার্থীকে ‘অবৈধভাবে’ জেতানো হয়েছে।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবুল হাসেম অন্তত ২০টি কেন্দ্রে তার ভোট পাল্টানোর অভিযোগ এনেছেন।

কিন্তু তিনি যে নথি কমিশনকে দিয়েছেন, তার বেশিরভাগে এজেন্টের সই নেই। কিছু কেন্দ্রের কাগজে আবার প্রিজাইডিং কর্মকর্তার সই অনুপস্থিত। ফলে তার অভিযোগও ধোপে টেকেনি।  

ঠেলাগাড়ি প্রতীকের এ প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশনে যিনি অভিযোগ জানাতে এসেছিলেন, তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রভিত্তিক ভোটের ফল নিয়ে এজেন্ট তো বাসায় চলে আসে। কার সই আছে, কী লেখা রয়েছে তা নিয়ে তো তখন মাথা ঘামাইনি। এখন দেখি আমাদের হারিয়ে দেওয়া হয়েছে।”

ইসি কর্মকর্তারা জানান, এ ধরনের ৩০-৪০টি অভিযোগ নির্বাচন কমিশনে এসেছে, তবে কোনোটিরই ‘স্পষ্ট কোনো ভিত্তি নেই’।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটে জেতার জন্যে শুধু কেন্দ্রের ফলাফল নয়, অনেক ধরনের জালিয়াতির অভিযোগই এখন আনা হবে। কমিশনে এসে এসব করে আর লাভ নেই।”

কেন্দ্রের ফল নিয়ে যদি কারও আপত্তি থাকে, তাদের নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন সচিব।

সিরাজুল ইসলাম জানান, অভিযোগ শোনার জন্য তিন সিটিতে যুগ্ম জেলা জজদের নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠিত হবে। সোমবার নাগাদ এর প্রজ্ঞাপন হতে পারে।