২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে আসামি প্রত্যার্পণ চুক্তি নিয়ে কাজ হচ্ছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসামি প্রত্যার্পণ চুক্তি সইয়ের প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ চলছে বলে দেশটির পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরমান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 09:58 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ শেষে শুক্রবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন শেরমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শেরমানকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে অপরাধী প্রত্যার্পণ চুক্তি সইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করতেও আন্ডার সেক্রেটারিকে তিনি অনুরোধ করেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ বিষয়ে কাজ করছে বলে মন্ত্রীকে অবহিত করেন শেরমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত রাশেদ চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাঙালিদের এক অনুষ্ঠান এলে তাকে ধাওয়া করে তাড়ান প্রবাসীরা।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়েও কথা বলেন মাহমুদ আলী ও শেরমান।

সহিংস উগ্রপন্থা দমন নিয়ে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করার জন্য মাহমুদ আলীকে ধন্যবাদ জানান শেরমান।

বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে আগামীতেও বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জন কেরির সঙ্গে তার বৈঠকের পর ‘দুই দেশের সম্পর্কে আস্থা বাড়ার লক্ষণ দেখা গেছে’।

ওয়াশিংটনে বৈঠককালে জন কেরির বাংলাদেশ সফরের আগ্রহের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ‘দুই পক্ষের সুবিধামতো সময়ে’ কেরিকে ঢাকায় অভ্যর্থনা জানাতে তার আগ্রহ প্রকাশ করেন।

আঞ্চলিক প্রেক্ষাপটও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেন মাহমুদ আলী।

এ প্রসঙ্গে শেরমান বলেন, নয়া দিল্লি থেকে সরাসরি ঢাকায় এসে তিনি বাংলাদেশ-ভারত উষ্ণ সম্পর্কের ‘ধারণা’ পেয়েছেন।

মিয়ানমারের শরণার্থী এবং বাংলাদেশে তাদের নাগরিকদের অবৈধভাবে বসবাসের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ অব্যাহতভাবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে এলেও এ বিষয়টিতে প্রত্যাশিত অগ্রগতি আসছে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবদানের কথা শেরমান স্বীকার করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।