২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, যাকে ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 04:08 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

শুক্রবার ভোররাতে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুলতিয়ার মোড়ে এ সংঘর্ষে দুই পুলিশ সদস্যও আহত হন বলে জানান জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

দুই পুলিশসহ আহত কবির হোসেন সরদারকে (৪০) পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবির সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের দক্ষিণ সুলতানপুর গ্রামের মৃত জাফর সরদারের ছেলে।

এসআই কামাল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার গভীর রাতে আশাশুনি থানার এসআই আওয়াল কবির ফোর্সসহ শোভনালী ও বুধহাটা এলাকায় রণপাহারা দায়িত্ব পালনকালে জানতে পারেন যে, সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুলতিয়ার মোড়ে সশস্ত্র একটি দল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।

এরপর তারা অতিরিক্ত ফোর্সসহ ভোররাতে কুলতিয়ার মোড়ে উপস্থিত হলে রাস্তায় অবরোধ দিয়ে অবস্থান নেওয়া ১০/১২ জন ডাকাতকে দেখেন।

তিনি আরও জানান, ডাকাতদল ওই সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

দুপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা কুলতিয়ার বিলের মধ্যে ফাঁকা জায়গা ও বাগানের ভিতর পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় কবির হোসেন সরদারকে আটক করে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশে তৈরি এলজি, একটি রাম দা, একটি গুপ্তি ও একটি কার্তুজ উদ্ধার করে বলেও তিনি জানান।

কবির সরদার ও আহত দুই পুলিশ সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।