দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত আব্দুর রাজ্জাক (৩৫) ঠাকুরগাঁওয়ের হরিপুরের বনবাড়ি গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন বলে স্থানীয়দের তথ্য।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে বিরল থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ধর্মজইন সীমান্তের ৩২১ নম্বর পিলারের ১০ নম্বর সাব পিলারের কাছে সীমান্তের ওপারে ভারতের কাটাবাড়িতে এ ঘটনা ঘটে।
“বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন। বিএসএফ সদস্যরা লাশ নিয়ে গেছে।”
বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন জানান, রাজ্জাকের লাশ ফেরত আনার ব্যাপারে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছেন।
